শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

লাকসামে ট্রেন দুর্ঘটনা: রেলওয়ের উপসহকারী প্রকৌশলী বরখাস্ত

কুমিল্লার লাকসামে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেলওয়ের পথ বিভাগের এক উপসহকারী প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

লাকসামে ট্রেন দুর্ঘটনা: রেলওয়ের উপসহকারী প্রকৌশলী বরখাস্ত
ছবি: সংগৃহীত

কুমিল্লার লাকসামে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেলওয়ের পথ বিভাগের এক উপসহকারী প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার সন্ধ্যায় লাকসামের নাওটি স্টেশনের কাছে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব তথ্য জানান রেলওয়ের পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ।

বরখাস্ত হওয়া প্রকৌশলীর নাম মো. গোলাম সরোয়ার। তিনি রেলওয়ের পূর্বাঞ্চলের ফেনী অঞ্চলের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তদন্ত কমিটির প্রধান ফারহান মাহমুদ বলেন, আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে দুর্ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের বিষয়ও স্পষ্টভাবে উঠে আসবে।

এর আগে ট্রেনটির লোকোমাস্টার মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেন, রেললাইনে মেরামতের কাজ চললেও তাঁকে এ বিষয়ে জানানো হয়নি।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর জানান, বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে লাকসামের নাওটি স্টেশনের আউটার এলাকায় রেললাইন মেরামতের কাজ চলার সময় ট্রেনটির ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়।

দুপুর পৌনে ১টার দিকে দুর্ঘটনাটি ঘটলেও এর প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধারকাজ শুরু হয়।