শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল মোটরসাইকেলে থাকা ৩ কিশোরের

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় তিন কিশোর একটি মোটরসাইকেলে করে আটিপাড়া রাস্তার মাথা এলাকার দিকে যাচ্ছিল। একই সময় সুরভী পরিবহনের একটি বাস ঢাকা অভিমুখে যাচ্ছিল। রাস্তার মাথা এলাকায় পৌঁছালে বাস ও মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন কিশোরের মৃত্যু হয়।

বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল মোটরসাইকেলে থাকা ৩ কিশোরের
চিত্র: সংগৃহীত

বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই উজিরপুর উপজেলার আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

নিহত কিশোররা হলো—মোস্তাকিন (১৪), তাওহিদ ইসলাম (১৩) ও সৌরভ ঢালী (১৪)। তাওহিদ ও সৌরভের বাড়ি আটিপাড়া গ্রামে। মোস্তাকিনের বাড়ি ধামসর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় তিন কিশোর একটি মোটরসাইকেলে করে আটিপাড়া রাস্তার মাথা এলাকার দিকে যাচ্ছিল। একই সময় সুরভী পরিবহনের একটি বাস ঢাকা অভিমুখে যাচ্ছিল। রাস্তার মাথা এলাকায় পৌঁছালে বাস ও মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন কিশোরের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং উজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে সুরভী পরিবহনের বাস ও তিন কিশোরের মরদেহ গৌরনদী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম দুর্ঘটনা ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনজনের মরদেহ গৌরনদী হাইওয়ে পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।