মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী স্থানীয় নির্বাচনের প্রস্তুতিতে নতুন সময়সীমা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। নির্ধারিত সময় পেছানো হলেও নতুন তারিখের মধ্যে প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে বলে তিনি জানান।

তিনি বলেন, ৩০ এপ্রিলের মধ্যে ১০০টি উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থী ঘোষণার পরিকল্পনা থাকলেও ব্যক্তিগত ও সামগ্রিক কিছু সমস্যার কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। তবে নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী ১০ মে’র মধ্যে প্রাথমিকভাবে সমর্থিত উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীদের তালিকা ঘোষণা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়ে রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন সারজিস আলম।

তিনি আরও জানান, চলতি মাসের মধ্যেই সাতটি সিটি কর্পোরেশনের মেয়র পদে এনসিপি সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। একই সঙ্গে তিনি বলেন, এনসিপি বর্তমানে একটি ১১ দলীয় জোটে থেকে বিরোধী দল হিসেবে সংসদীয় রাজনীতি করছে। তবে দলটি সাংগঠনিকভাবে শক্তিশালী হতে এককভাবে স্থানীয় নির্বাচনে প্রার্থী দেওয়ার প্রক্রিয়ায় এগোচ্ছে।

সারজিস আলম বলেন, বিএনপির পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত নেওয়ার পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, ইতোমধ্যে জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা পর্যায়েও কোনো নির্বাচিত চেয়ারম্যান বর্তমানে দায়িত্বে নেই।

তিনি আরও বলেন, ক্ষমতা কেন্দ্রীভূত করার চেষ্টা চলছে এবং এমনকি উপজেলা পরিষদ বিলুপ্ত করার পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে। তার ভাষায়, এ ধরনের পদক্ষেপ শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে নেতিবাচক ফল বয়ে আনবে। এ কারণে তিনি সিটি কর্পোরেশন, উপজেলা ও পৌরসভার নির্বাচন চলতি বছরের মধ্যেই আয়োজনের আহ্বান জানান।