রবিবার, 18 অক্টোবর 2026
সকল বিভাগ

১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী বিশাল কর্মযজ্ঞের অংশ হিসেবে আগামী ১৬ মার্চ খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

দেশব্যাপী বিশাল কর্মযজ্ঞের অংশ হিসেবে আগামী ১৬ মার্চ খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে এই জাতীয় প্রকল্পের শুভ সূচনা হবে।

প্রতিমন্ত্রী জানান, বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা দেশে মোট ২০ হাজার কিলোমিটার খাল ও জলাশয় খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১৬ মার্চ দিনাজপুরে প্রধানমন্ত্রী মূল কার্যক্রমের উদ্বোধন করার পাশাপাশি একই দিনে দেশের আরও ৫৪টি জেলায় সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা স্থানীয় প্রশাসনকে নিয়ে এই কর্মসূচির সূচনা করবেন। চার বছর মেয়াদি এই বিশাল প্রকল্পটি বাস্তবায়নে পানিসম্পদ, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং কৃষি মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে।

মীর শাহে আলম আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী এবারের খনন কাজে যন্ত্রের চেয়ে মানুষের শ্রমকে বেশি প্রাধান্য দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রকল্পের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ কাজ সাধারণ শ্রমিকদের মাধ্যমে সম্পন্ন করার লক্ষ্য রাখা হয়েছে, যাতে প্রান্তিক মানুষ সরাসরি এর সুফল ভোগ করতে পারে। এছাড়া জাতীয় এই কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও যুক্ত করার বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অতীতে এই ধরনের প্রকল্পে অর্থ লোপাটের অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার জনসম্পৃক্ততা ও স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে। মাঠ পর্যায়ে সরাসরি জনপ্রতিনিধিদের তদারকি এবং শ্রমনির্ভর পদ্ধতির কারণে এবার কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ থাকবে না বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।