পানিসম্পদ মন্ত্রী এবং বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি জানিয়েছেন, দীর্ঘ ১৭ বছর দেশে কোনো নির্বাচিত সরকার না থাকায় যে বিশৃঙ্খলা ও সমস্যার সৃষ্টি হয়েছে, তা বর্তমান সরকার দূর করতে বদ্ধপরিকর।
শুক্রবার (১৩ মার্চ) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী, ওয়াপদা, জকসিন ও মান্দারী খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
পরিদর্শনকালে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘ সময়ের অব্যবস্থাপনা ও বর্জ্য পরিষ্কার করা এখন সময়ের দাবি। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে তারেক রহমানের দিকনির্দেশনায় প্রতিটি দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করে উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করা হবে। তিনি আরও উল্লেখ করেন, যারা বিভিন্ন অবৈধ দখলের সঙ্গে জড়িত কিংবা যাদের বিশেষ সহযোগিতার প্রয়োজন, সবার সঙ্গে আন্তরিক সম্পর্কের ভিত্তিতে দেশপ্রেমিক সরকার হিসেবে সাধারণ মানুষের কল্যাণে তারা কাজ করে যাবেন।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এর সুফল সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। জনগণের পাশে থেকে সেবা নিশ্চিত করাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য বলে তিনি সংবাদিকদের জানান।