বুধবার, 4 নভেম্বর 2026
সকল বিভাগ

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ প্রায় ২০ বছর পর বরিশালে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৬ জানুয়ারি দুপুর ২টায় বরিশাল নগরীর বেলস পার্কে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ প্রায় ২০ বছর পর বরিশালে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৬ জানুয়ারি দুপুর ২টায় বরিশাল নগরীর বেলস পার্কে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে দলের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, বিএনপির গুলশান কার্যালয় থেকে বরিশাল বিভাগের নেতাদের তারেক রহমানের এই সফরসূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান বলেন, দলের শীর্ষ পর্যায় থেকে বরিশাল সফরের বিষয়টি নেতাদের অবহিত করা হয়েছে। তিনি জানান, সফরকে কেন্দ্র করে প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১৮ জানুয়ারি একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। বরিশাল ক্লাবে বিকেল ৩টায় আয়োজিত ওই সভায় বিভাগের ধানের শীষের প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা অংশ নেবেন।

বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদ জানান, তারেক রহমানের বরিশাল সফরের খবর প্রকাশের পর থেকেই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রায় দুই দশক পর দলের শীর্ষ নেতাকে সরাসরি দেখার সুযোগকে ঘিরে বরিশালজুড়ে প্রস্তুতি শুরু হয়েছে। দীর্ঘ ২০ বছর পর নেতাকে স্বাগত জানানোর আয়োজন এখন তুঙ্গে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালের ১৪ মে বরিশালে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক কর্মীসভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান।