শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

আবার সংসদে মাইক নষ্ট, বন্ধ অধিবেশন

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় চলমান অধিবেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রোববার বিকেল ৫টা ৫৬ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমাদ অধিবেশনের কার্যক্রম ৪০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের অষ্টম দিনে আজ বসার পর থেকেই শব্দযন্ত্রে নানা বিভ্রাট লক্ষ্য করা যাচ্ছিল।

আবার সংসদে মাইক নষ্ট, বন্ধ অধিবেশন
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় চলমান অধিবেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রোববার বিকেল ৫টা ৫৬ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমাদ অধিবেশনের কার্যক্রম ৪০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের অষ্টম দিনে আজ বসার পর থেকেই শব্দযন্ত্রে নানা বিভ্রাট লক্ষ্য করা যাচ্ছিল।

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আজ বিকেল সাড়ে ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়। তবে আলোচনার এক পর্যায়ে স্পিকার এবং সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক সংযোগ রক্ষায় সমস্যা তৈরি হয় এবং কেউ কারও কথা স্পষ্ট শুনতে পাচ্ছিলেন না। পরিস্থিতি বিবেচনায় নিয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে জানান যে, সংসদ কক্ষের মাইকগুলোতে ত্রুটি দেখা দিয়েছে, যা খোদ স্পিকারের মাইকেও পরিলক্ষিত হচ্ছে।

এমতাবস্থায় স্পিকার জানান যে, মাগরিবের আজানের জন্য ২০ মিনিট এবং সাউন্ড সিস্টেম সংস্কারের জন্য আরও ২০ মিনিট মিলিয়ে সর্বমোট ৪০ মিনিট অধিবেশন বন্ধ থাকবে। উল্লেখ্য যে, গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার দিনও একই ধরনের কারিগরি সমস্যা দেখা দিয়েছিল, যার ফলে ওইদিনও কিছু সময়ের জন্য কার্যক্রম ব্যাহত হয়েছিল। সাউন্ড সিস্টেমের এই পুনরাবৃত্তিমূলক সমস্যা নিরসনে সংশ্লিষ্টরা কাজ করছেন বলে জানা গেছে।