মাঠপর্যায়ের সদস্যদের অসন্তোষ আর জনমতের চাপে পুলিশের পোশাকে আবারও পরিবর্তনের পথে হাঁটছে সরকার। নতুন রঙ নির্ধারণ করে ‘পুলিশ ড্রেস রুলস-২০২৫’ সংশোধনের প্রস্তাব ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর।
অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রবর্তিত বর্তমান ইউনিফর্ম নিয়ে বাহিনীর ভেতরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখা থেকে পাঠানো প্রস্তাবে বিভিন্ন ইউনিটের জন্য আলাদা রঙ নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, মহানগর পুলিশের শার্ট হবে হালকা অলিভ রঙের, আর জেলা ও অন্যান্য ইউনিটের শার্ট হবে গাঢ় নীল। সব ইউনিটের প্যান্টের রং নির্ধারণ করা হয়েছে খাকি। তবে এ পরিবর্তনের আওতার বাইরে রাখা হয়েছে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাবকে।
গত ১৫ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে পুলিশ সদর দপ্তর উল্লেখ করেছে, বর্তমানে চালু থাকা ‘লৌহ’ রঙের শার্ট ও ‘কফি’ রঙের প্যান্ট চালুর পর থেকেই মাঠপর্যায়ের সদস্যদের মধ্যে অস্বস্তি তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গ-বিদ্রূপের শিকার হওয়ায় অনেকেই পেশাগতভাবে হীনম্মন্যতায় ভুগছিলেন।
এছাড়া বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জানিয়েছে, বর্তমান ইউনিফর্মের সঙ্গে অন্যান্য সংস্থার পোশাকের সাদৃশ্য থাকায় সাধারণ মানুষের কাছে পুলিশকে আলাদা করে চেনা কঠিন হয়ে পড়ছিল।
পুলিশ সদর দপ্তরের লজিস্টিক বিভাগের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম বলেন, নতুন পোশাক চালু করতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে না। নিয়ম অনুযায়ী পুলিশ সদস্যদের জন্য প্রতিবছর ইউনিফর্ম সরবরাহ করা হয়, প্রজ্ঞাপন জারি হলে পরবর্তী বিতরণ থেকেই নতুন রঙের পোশাক দেওয়া হবে।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের মতে, ২০০৩-২০০৪ সালে চালু হওয়া খাকি ও নীল রঙের পোশাকই দেশের আবহাওয়া ও ত্বকের রঙের সঙ্গে সবচেয়ে বেশি মানানসই ছিল। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় সদস্যদের মতামত যথাযথভাবে বিবেচনায় আনা হয়নি। এখন নির্বাচিত সরকারের অধীনে সেই ঐতিহ্য ফিরিয়ে আনতেই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত প্রস্তাবে ‘পুলিশ ড্রেস রুলস-২০২৫’-এর সংশ্লিষ্ট বিধি সংশোধনের অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদন ও প্রজ্ঞাপন জারি হলে অল্প সময়ের মধ্যেই মাঠপর্যায়ে নতুন ইউনিফর্ম কার্যকর হবে।