আদালতকে ব্যবহার করে বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট বা জনরায়কে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর পল্টনের একটি হোটেলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলেম-ওলামাদের সম্মানে এক ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বর্তমান সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, যদি সংবিধানই অনুসরণ করা হয়, তবে শেখ হাসিনাই এখনো প্রধানমন্ত্রী থাকার কথা। কারণ বর্তমান নির্বাচন বা অন্তর্বর্তীকালীন সরকার—কোনোটিরই সংবিধানে উল্লেখ ছিল না। এ সময় তিনি সদ্য সমাপ্ত নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি পুরো প্রক্রিয়ার বিচারবিভাগীয় তদন্তের দাবি জানান।
জামায়াত সাধারণ সম্পাদকের মতে, নির্বাচনের পর যেসব তথ্য প্রকাশ্যে আসছে তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি অভিযোগ করেন, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের সাম্প্রতিক কিছু বক্তব্যই প্রমাণ করে যে তিনি নির্বাচনী ইঞ্জিনিয়ারিং বা কারচুপির অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার (২ মার্চ) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে রিজওয়ানা হাসান নারী নীতি ও নির্দিষ্ট কিছু রাজনৈতিক শক্তির মূলধারায় আসা ঠেকিয়ে দেওয়ার বিষয়ে মন্তব্য করেছিলেন। সেই বক্তব্যের সূত্র ধরেই গোলাম পরওয়ার আজ কঠোর সমালোচনা করেন এবং দাবি করেন যে, একটি বিশেষ শক্তিকে রাজনীতিতে কোণঠাসা করার যে পরিকল্পনা করা হয়েছে, তা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।