শনিবার, 17 অক্টোবর 2026
সকল বিভাগ

‘আগামী মাসে ৫০ হাজার পরিবার পাবে ফ্যামিলি কার্ড’

পর্যায়ক্রমে দেশের সকল নাগরিককে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে বলে ঘোষণা দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। তিনি স্পষ্ট করে জানান, এই কার্ড বিতরণের ক্ষেত্রে রাজনৈতিক আদর্শ, ধর্ম বা বর্ণ কোনোভাবেই বিবেচ্য হবে না; বরং স্বচ্ছতার ভিত্তিতে পাঁচটি ধাপে সবাইকে এই সুবিধার আওতায় আনা হবে।

‘আগামী মাসে ৫০ হাজার পরিবার পাবে ফ্যামিলি কার্ড’
ছবিঃ সংগৃহীত

পর্যায়ক্রমে দেশের সকল নাগরিককে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে বলে ঘোষণা দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। তিনি স্পষ্ট করে জানান, এই কার্ড বিতরণের ক্ষেত্রে রাজনৈতিক আদর্শ, ধর্ম বা বর্ণ কোনোভাবেই বিবেচ্য হবে না; বরং স্বচ্ছতার ভিত্তিতে পাঁচটি ধাপে সবাইকে এই সুবিধার আওতায় আনা হবে।

মঙ্গলবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, আগামী মাসেই আরও ৩৭ থেকে ৫০ হাজার নতুন পরিবারের কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে প্রকল্পের বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, প্রাথমিক পর্যায়ে সারা দেশে ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে এই কার্ডের জন্য চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী কড়াইল বস্তিতে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার পর নির্বাচিত পরিবারগুলোর ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে নির্ধারিত অর্থ জমা হওয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে লালপুর উপজেলার গৌরীপুর গ্রামের ৩৭৮ জন সুবিধাভোগী ইতিমধ্যে তাদের ফ্যামিলি কার্ডের বিপরীতে ২ হাজার ৫০০ টাকা বুঝে পেয়েছেন।

ফারজানা শারমীন আরও উল্লেখ করেন, ফ্যামিলি কার্ডের এই উদ্যোগ বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল। বর্তমান সরকার গঠনের মাত্র ১৫ দিনের মাথায় এই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয়েছে।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক সৈয়দ মোস্তাক আহমেদ, নাটোর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব এবং লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপস্থিত সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।