বুধবার, 4 নভেম্বর 2026
সকল বিভাগ

আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষণ নিয়ে চলা আলোচনার মধ্যে জাতিসংঘ স্পষ্ট করে জানিয়েছে, তারা এ নির্বাচনে কোনো পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না।

আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষণ নিয়ে চলা আলোচনার মধ্যে জাতিসংঘ স্পষ্ট করে জানিয়েছে, তারা এ নির্বাচনে কোনো পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না।

সোমবার (০৬ জানুয়ারি) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন সম্পর্কে এ অবস্থান তুলে ধরা হয়।

ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিকের কাছে বাংলাদেশ প্রসঙ্গে মোট তিনটি প্রশ্ন উত্থাপন করা হয়। এর মধ্যে প্রথম প্রশ্নটি ছিল জাতীয় সংসদ নির্বাচন নিয়ে।

জাতিসংঘ কি বাংলাদেশে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে—এমন প্রশ্নের জবাবে স্টিফেন দুজারিক বলেন, ‘না। সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট (অনুমোদন) ছাড়া জাতিসংঘ নিজে থেকে কোনো পর্যবেক্ষক পাঠায় না। ফলে আমরা এখন আর এটি করি না। তবে নির্বাচনের ক্ষেত্রে জাতিসংঘ কান্ট্রি অফিস প্রায়ই কারিগরি সহায়তা দিয়ে থাকে। তারা এ ধরনের কোনো সহায়তা দিচ্ছে কি না, তা আমি আপনাদের জেনে জানাতে পারি।’

ব্রিফিংয়ে দ্বিতীয় প্রশ্নটি করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা নিয়ে। গণতান্ত্রিক উত্তরণের প্রেক্ষাপটে তাঁর এই প্রত্যাবর্তনকে জাতিসংঘ কীভাবে দেখছে—এ বিষয়ে জানতে চাইলে মুখপাত্র বলেন, ‘আমি সংবাদ বিশ্লেষণ করি না; খবর বিশ্লেষণ করা সাংবাদিকদের কাজ। আমরা শুধু বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং অবাধ মতপ্রকাশের মাধ্যমে যে নির্বাচন হবে, তাকে সব উপায়ে সমর্থন দিয়ে যাব।’

এ ছাড়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে স্টিফেন দুজারিক বলেন, ‘তাঁর মৃত্যুতে আমরা স্বাভাবিকভাবেই তাঁর পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’