বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এবার তারা সরাসরি নারী প্রার্থী না দিলেও জোটের মাধ্যমে নারী প্রার্থী রয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত জামায়াতের পলিসি সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এবার নির্বাচনে সরাসরি নারী প্রার্থী না থাকার কারণ ব্যাখ্যা করে তাহের বলেন, “ঐকমত্য কমিশনের আলোচনায় নারীদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের জন্য ৫ থেকে ১৫ শতাংশ সংরক্ষণের একটি প্রস্তাব এসেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছে।”
তিনি আরও বলেন, “যদি এই সিদ্ধান্ত আইনে পরিণত হয়, তাহলে আমরা নারীদের সরাসরি নির্বাচনে প্রার্থী দিতে সম্মত আছি এবং তখন তা বাস্তবায়নে বাধ্য থাকব।”
নির্বাচনী প্রচারণায় অনলাইন কার্যক্রমকে নতুন কৌশল হিসেবে উল্লেখ করে তাহের বলেন, অনলাইন প্রচারণা আগে তেমনভাবে ছিল না। তবে নির্বাচন কমিশনের আচরণবিধি (আরপিও) অনুযায়ী অনুমোদিত পরিমাণে অনলাইন বিলবোর্ড ও ডিজিটাল মাধ্যমে প্রচারণা চালানো হবে।
তবে জামায়াতের মূল লক্ষ্য সরাসরি ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন। তিনি বলেন, “আমরা ওয়ান টু ওয়ান কন্টাক্টে বেশি গুরুত্ব দিচ্ছি। এজন্য আমাদের কর্মীরা ঘরে ঘরে গিয়ে প্রতিটি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে।”
দলের সরকার গঠনের পরিকল্পনা প্রসঙ্গে তাহের বলেন, জামায়াত ক্ষমতায় এলে কেবল দলের ভেতর থেকে মন্ত্রী নিয়োগ করা হবে না, বরং দেশের সর্বত্র থেকে যোগ্য ব্যক্তিদের বাছাই করা হবে।
তিনি বলেন, “বাংলাদেশে অর্থমন্ত্রী হওয়ার মতো মানুষ আছে, স্বাস্থ্যমন্ত্রী হওয়ার মতো মানুষ আছে। পুরো দেশকে বিবেচনায় নিলে যোগ্য লোকের কোনো অভাব নেই।”