মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

আমরা যা করব স্বচ্ছভাবে করব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে বিএনপি পূর্ণ সহযোগিতা করছে। সোমবার বিকেলে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি স্পষ্ট করেন যে, দেশের মানুষের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে বিএনপি স্বচ্ছভাবে তাদের প্রস্তাবনা পেশ করেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো লুকোচুরি ছাড়াই জনকল্যাণে কাজ করতে তারা অঙ্গীকারবদ্ধ।

আমরা যা করব স্বচ্ছভাবে করব : প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে বিএনপি পূর্ণ সহযোগিতা করছে। সোমবার বিকেলে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি স্পষ্ট করেন যে, দেশের মানুষের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে বিএনপি স্বচ্ছভাবে তাদের প্রস্তাবনা পেশ করেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো লুকোচুরি ছাড়াই জনকল্যাণে কাজ করতে তারা অঙ্গীকারবদ্ধ।

জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বিগত সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, যখন স্বৈরাচারের ভয়ে অন্য দলগুলো ‘সংস্কার’ শব্দটি উচ্চারণ করতেও সাহস পাচ্ছিল না, তখন বিএনপি রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছিল। গত ১৬ বছরে দেশের স্বাস্থ্য, শিক্ষা, ব্যাংকিং ও যোগাযোগ ব্যবস্থাকে দুর্নীতির মাধ্যমে ধ্বংস করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, মেগা প্রজেক্টের নামে মূলত লুণ্ঠন চালানো হয়েছে। এখন সেই ভেঙে পড়া খাতগুলোকে পুনর্গঠন করাই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ।

তারেক রহমান তার বক্তব্যে দেশের সাধারণ মানুষের জন্য গৃহীত নতুন কিছু পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি জানান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য মাসিক সম্মানি ভাতা প্রদানের কাজ পর্যায়ক্রমে শুরু হয়েছে। তরুণ প্রজন্মের বেকারত্ব দূর করতে বিদেশের বাজারে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে বলেও তিনি জানান। এছাড়া কৃষি ও পরিবেশ রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে আগামী ৫ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার ‘খাল খনন কর্মসূচি’ বাস্তবায়নের ঘোষণা দেন তিনি।

বগুড়ার স্থানীয় উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, জেলাবাসীর দীর্ঘদিনের দাবি বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে। এছাড়া স্থানীয় কৃষিপণ্য সরাসরি আন্তর্জাতিক বাজারে পাঠানোর সুবিধার্থে বগুড়া বিমানবন্দরকে কার্গো বিমান চলাচলের উপযোগী করে গড়ে তোলা হবে। এর মাধ্যমে উত্তরবঙ্গের অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে ঢাকা থেকে সড়কপথে নিজ জেলায় পৌঁছে প্রধানমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। তিনি জেলা জজ আদালতের নতুন ভবন ও ডিজিটাল ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়া বহুল প্রতীক্ষিত ‘বগুড়া সিটি করপোরেশন’-এর নামফলক উন্মোচন এবং গাবতলীর বাগবাড়ীতে পৈতৃক ভিটা পরিদর্শন শেষে শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জাতীয় টিকাদান কর্মসূচির সূচনা করেন তিনি। দিনের সব কর্মসূচি শেষে সন্ধ্যায় তার ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।