ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফেরানোর আবেদন শেষ পর্যন্ত টেকেনি। তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
কুমিল্লা-৪ আসনে জামায়াতের ১১ দলীয় জোট থেকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
এর আগে, ঋণ খেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেন হাসনাত আবদুল্লাহ। পরে গত ১৭ জানুয়ারি বিকেলে কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে ইসি।
প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মুন্সী হাইকোর্টে রিট করেন। তবে ২১ জানুয়ারি হাইকোর্ট সরাসরি তার রিট খারিজ করে দেন।
এরপর তিনি আপিল বিভাগে আবেদন করেন। কিন্তু সর্বশেষ আদেশে আপিল বিভাগ তার লিভ টু আপিল খারিজ করায় কুমিল্লা-৪ আসনে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারালেন মঞ্জুরুল আহসান মুন্সী।