বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও পরিশ্রমে সন্তুষ্ট হয়ে চলতি বছর বাংলাদেশ থেকে ৬ হাজার চালক নিয়োগের আগ্রহ দেখিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক একটি ট্যাক্সি কোম্পানি।
রোববার (১৭ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে কোম্পানিটির প্রতিনিধিদল এ তথ্য জানায়।
প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। তারা বলেন, বাংলাদেশি কর্মীদের দক্ষতা, আন্তরিকতা ও পরিশ্রমের কারণে অগ্রাধিকার ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হয়। দুবাই বিমানবন্দরেও বাংলাদেশি নারীরা সফলভাবে চালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রতিনিধিদল আরও জানায়, সোমবার (১৮ মে) থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য চালক বাছাই কার্যক্রম শুরু হবে। এ দফায় নতুন করে ১ হাজার ৫০০ চালক নেওয়া হবে। সব মিলিয়ে চলতি বছর ৬ হাজার চালক নিয়োগের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
এ সময় প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ভবিষ্যতেও বাংলাদেশি কর্মী নিয়োগের এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী। পুরো প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।
মন্ত্রী দুবাইয়ে পৌঁছানোর পর প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতার ব্যবস্থা রাখার জন্য প্রতিষ্ঠানটির প্রতি আহ্বান জানান। একই সঙ্গে চালকদের পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ বিভিন্ন পেশাজীবী নিয়োগেরও অনুরোধ করেন।
সভায় উপস্থিত প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, একজন বাংলাদেশি চালকের দুবাই যেতে বর্তমানে অনেক অর্থ ব্যয় হয়। অধিকাংশ কর্মী দরিদ্র ও শ্রমজীবী হওয়ায় বিদেশে যাওয়ার খরচ জোগাতে ঋণের ওপর নির্ভর করতে হয়।
এ কারণে অভিবাসন ব্যয় কমিয়ে এক লাখ টাকার মধ্যে রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি বিশেষ অনুরোধ জানান প্রতিমন্ত্রী।