জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সাংসদ প্রার্থী নাসিরুদ্দীন পাটোয়ারি সম্প্রতি বিএনপি কার্যালয়ের সামনে ভোট চাইতে গিয়ে কিছু ব্যক্তির তোপের মুখে পড়েন। পরে জানা যায় বিক্ষুব্ধ ব্যক্তিরা একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের সমর্থক।
রবিবার (১১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, নাসিরুদ্দীন পাটোয়ারির নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে ভোট চাইতে গেলে উত্তেজিত এক ব্যক্তি তাকে উদ্দেশ্য করে বলেন- 'আমাদের ইচ্ছা ছিল আপনাদেরকে সাথে নিয়া জাতীয় সরকার করা, কিন্তু আপনি যেভাবে গালাগালি আর অপপ্রচার চালাইছেন ট্যাট্যা আর সেই সুযোগ নাই। আপনি কে, কই থাইকা আসছেন ? আপনি কি এই আসনের লোক? দরকার হলে আপনাকে পাবো কিভাবে? জানিওনা আপনার বাসা কোথায়।'
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। সংশ্লিষ্টদের ধারণা, ধারাবাহিকভাবে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দেওয়া এবং সম্প্রতি মির্জা আব্বাসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে বিএনপির নেতাকর্মীদের মধ্যে তার বিরুদ্ধে যথেষ্ট ক্ষোভ রয়েছে। ভাইরাল ভিডিওটির ঘটনা এই ক্ষোভেরই বহিঃপ্রকাশ।