সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

বিএনপি অফিসের সামনে থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিএনপির একটি নির্বাচনি অফিসের সামনে থেকে ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে যৌথবাহিনী। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বিএনপি অফিসের সামনে থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার
ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিএনপির একটি নির্বাচনি অফিসের সামনে থেকে ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে যৌথবাহিনী। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কামালের পাড়া ইউনিয়নের বারকোনা বাজার সংলগ্ন বিএনপির স্থানীয় নির্বাচনি অফিসের সামনে একটি ব্যাগে সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি নজরে আসতেই তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। পরবর্তীতে যৌথবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেন। এরপর অফিসের সামনে পড়ে থাকা ব্যাগটি থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে সাঘাটা থানায় নিয়ে যাওয়া হয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।”

ঘটনাটি ঘিরে এলাকায় সতর্কতা জারি রাখা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।