শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা দেশে ফিরবেন না

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা আর দেশে ফিরবেন না। বাংলাদেশে ফেরা তো দূরের কথা, শেখ হাসিনার মরদেহ বাংলাদেশে দাফন করার সাহসও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেই বলে মন্তব্য করেন তিনি।

অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা দেশে ফিরবেন না

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা আর দেশে ফিরবেন না। বাংলাদেশে ফেরা তো দূরের কথা, শেখ হাসিনার মরদেহ বাংলাদেশে দাফন করার সাহসও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেই বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রব্বির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রাশেদ খাঁন।

তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। দলটি ভারতের আওয়ামী লীগের একটি সম্প্রসারিত অংশ ছিল। সেই অংশের অধিকাংশই পালিয়ে গেছে। এখনো কিছু সহযোগী হম্বিতম্বি করছে। তাদের মোকাবিলায় ছাত্রদলই যথেষ্ট, অন্য কোনো সহযোগী সংগঠনের প্রয়োজন হবে না।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিদেশি চাপের প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, যুক্তরাষ্ট্র কিংবা ভারতের কাছে মাথানত করে বিএনপি দেশ পরিচালনা করবে না। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র বা ভারত বাংলাদেশকে কোনো চাপ দিচ্ছে কি না, সে বিষয়ে তাঁর জানা নেই।

ভারতীয় হাইকমিশনারকে উদ্দেশ করে তিনি বলেন, শেখ হাসিনা একজন দখলদার ছিলেন। তাঁকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে অন্যায় করেছে। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হলে শেখ হাসিনা এবং শহীদ ওসমান হাদির হত্যাকারীদের, যারা ভারতে পালিয়ে রয়েছেন, বাংলাদেশের সরকারের কাছে হস্তান্তর করতে হবে। এর আগে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা খুবই কম।

আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ১৯৭১ সালে পরাজয় নিশ্চিত বুঝতে পেরে পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল। একইভাবে শেখ হাসিনা পরাজয় নিশ্চিত বুঝতে পেরে নির্বিচারে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৪ জুলাই মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রব্বিকে গুলি করে হত্যা করা হয়।

জামায়াতের আমিরের সমালোচনা করে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, সরকার পতনের এক মাসের মাথায় আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করে জামায়াত মানবতাবিরোধী অপরাধ করেছে। জুলাই আন্দোলনকে ব্যবহার করে সংসদের আসন ভাগাভাগি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, জুলাই আন্দোলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ১৮ মাস ধরে দলটি সারা দেশে লুটপাট করেছে বলে অভিযোগ করেন রাশেদ খাঁন। তাঁর দাবি, আরও কিছুদিন সুযোগ পেলে তারা আওয়ামী লীগকেও ছাড়িয়ে যেত। বর্তমানে এই গোষ্ঠী আবার আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে বলেও মন্তব্য করেন তিনি।

পরে রাশেদ খাঁন শহীদ মেহেদী হাসান রব্বির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় মাগুরা জেলা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।