স্বল্প বাজেটে নির্মিত হয়েও চলতি বছরে বড় চমক সৃষ্টি করেছে ‘হনুমান অংশ’। নিম করোলি বাবার জীবনকাহিনি নিয়ে তৈরি এই ভারতীয় ছবিটি নির্মাণে ব্যয় হয়েছিল মাত্র ২ কোটি রুপি। অথচ বিশ্বজুড়ে বক্স অফিসে এর সংগ্রহ গিয়ে ঠেকেছে ৪৫২ কোটি ৮৬ লাখ রুপিতে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ছবিটির এই অবিশ্বাস্য সাফল্যের পেছনে পরিচালক ও প্রযোজক ড. বিশাল চতুর্বেদীর পাশাপাশি বড় ভূমিকা রেখেছেন তিন নারী। তারা হলেন অনুপ্রিয়া নাগর, রাগিনি সোনা এবং নম্রতা জি সিং।
ছবিটির কনিষ্ঠতম প্রযোজক ২১ বছর বয়সী অনুপ্রিয়া নাগর। পোস্ট-প্রোডাকশন পর্যায়ে তহবিল সংকট দেখা দিলে তিনি এই প্রকল্পে যুক্ত হন এবং মোট ব্যয়ের এক-তৃতীয়াংশ অর্থ জোগান দেন। কেবল অর্থ বিনিয়োগেই থেমে থাকেননি অনুপ্রিয়া; ছবির প্রচারণা বাড়াতে শতাধিক পডকাস্ট নির্মাতা ও কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে ইমেইলে যোগাযোগ করেন তিনি। মূলত ছবিটির প্রতি আধ্যাত্মিক টান থেকেই এই উদ্যোগ গ্রহণ করেছিলেন অনুপ্রিয়া।
অন্যদিকে, বাণিজ্যিক সাফল্যের পর নতুন করে আলোচনায় এসেছেন রাগিনি সোনা। প্রথম থেকেই তার বিশ্বাস ছিল, ‘হনুমান অংশ’ কেবল একক কোনো চলচ্চিত্রের সাফল্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি একটি সুপরিকল্পিত ফ্র্যাঞ্চাইজির সূচনা করবে। নিম করোলি বাবার জীবনভিত্তিক এই আখ্যানে একাধিক কিস্তিতে নির্মাণের মতো পর্যাপ্ত রসদ রয়েছে বলে তিনি মনে করেন।
পাশাপাশি ছবিটির জনসংযোগ, মার্কেটিং, অ্যাওয়ার্ড ক্যাম্পেইন এবং কৌশলগত পার্টনারশিপ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন নম্রতা জি সিং। অনুমোদিত নির্বাহী হিসেবে পরিচালক-প্রযোজক ড. বিশাল চতুর্বেদীর সঙ্গে এসব কাজ সমন্বয় করেন তিনি। স্বত্ব, প্রচার ও প্রতিনিধিত্ব বিষয়ে নির্মাতাদের আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশের পরও পরবর্তী ধাপের কার্যক্রম সামলেছেন নম্রতা। গণমাধ্যম ও ওটিটি মাধ্যমের আগ্রহ বাড়ার পর পরবর্তী পর্যায়ের দায়িত্বও তার ওপর বর্তায়।
এই সাফল্যে তিন নারীর অবদান ছিল স্বতন্ত্র ও পরিপূরক। প্রচারের মাধ্যমে পরিচিতি ছড়িয়ে দেওয়া, ফ্র্যাঞ্চাইজির রূপরেখা তুলে ধরা এবং দীর্ঘমেয়াদি কৌশল ও বাণিজ্যিক অগ্রগতিতে কাজ করেছেন তারা। তিনজনের সমন্বিত প্রয়াসে স্বল্প বাজেটের একটি আধ্যাত্মিক চলচ্চিত্র ২০২৬ সালের অন্যতম আলোচিত বিস্ময়ে পরিণত হয়েছে।
সব মিলিয়ে ‘হনুমান অংশ’-এর এই যাত্রা দেখিয়ে দিয়েছে যে, বিশাল বাজেট বা উদ্বোধনী দিনের আয়ই চলচ্চিত্রের সাফল্যের চূড়ান্ত নির্ধারক নয়।