দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি, অবৈধ ভূমি দখল কিংবা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান। শনিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আমানউল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল লক্ষ্য হচ্ছে একটি উন্নত ও মাদকমুক্ত বাংলাদেশ গড়া। সেই নির্দেশনা অনুযায়ী দেশে কোনো ধরনের সন্ত্রাসবাদ, দখলদারিত্ব বা চাঁদাবাজির সুযোগ থাকবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের অগ্রাধিকার।
সমাবেশে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশ দিয়ে তিনি বলেন, মাদক নির্মূলে কোনো আপস করা হবে না। যারা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত কিংবা সেবনকারী, তাদের পরিচয় যা-ই হোক না কেন, দ্রুত গ্রেফতার করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নেতাকর্মীদের জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে এই প্রবীণ নেতা বলেন, সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রাজনীতি করতে হবে। দলের ভেতরে কোনো অপরাধীর পৃষ্ঠপোষকতা করা যাবে না। বিশেষ করে মাদক কারবারি বা ভূমি দস্যুদের পক্ষে কোনো প্রকার সুপারিশ বা তদবির না করার জন্য তিনি দলীয় কর্মীদের কঠোর নির্দেশ দেন।
তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মহিউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাজী মো. আব্দুল আজিজ। সভায় ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েলসহ স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।