বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার সকালে রাজধানীর রমনা পার্কের জারুল চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা বা জাসাস এই বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবনের কঠিনতম সময়ে দাঁড়িয়েও প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি বর্জনের ডাক দিয়েছিলেন। তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে, কোনো ধরনের জিঘাংসা নয়, বরং ক্ষমার আদর্শই কাম্য। বর্তমান প্রধানমন্ত্রীও সেই একই রাজনৈতিক দর্শনে বিশ্বাসী। বিএনপি চায় এমন একটি অন্তর্ভুক্তমূলক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে, যেখানে জনমতের ভিন্নতা থাকবে কিন্তু গণতন্ত্রের ভিত হবে সুদৃঢ়। দেশের স্বার্থকে সবার উপরে রাখাই সরকারের প্রধান লক্ষ্য।
শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়ে সংস্কৃতি মন্ত্রী আরও বলেন, সরকারের অঙ্গীকার হলো বৈষম্যহীন সমাজ এবং পারস্পরিক ঐক্যের মাধ্যমে একটি শান্তিময় রাষ্ট্র গড়ে তোলা। পহেলা বৈশাখের উৎসবে সারা দেশ যখন আনন্দমুখর, তখন এই ভ্রাতৃত্বের বার্তাই ছড়িয়ে দিতে হবে।
জাসাসের কেন্দ্রীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। এ সময় সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ ও দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নববর্ষের ভোরে রমনার ঐতিহ্যবাহী জারুল চত্বর জাসাসের এই আয়োজনে উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে।