বিএনপি সবসময় ঝুঁকিহীন ও ভীরু রাজনীতি করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দীন। তিনি দাবি করেন, বিএনপি নিজেরা প্রতিকূলতা মোকাবিলা না করে অন্যের ওপর ভর করে সুবিধা নিতে পছন্দ করে। শুক্রবার রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শাপলা চত্বরের স্মৃতিচারণ করে জালাল উদ্দীন বলেন, ২০১৩ সালের ৫ মে বিএনপি যদি সাহসের সাথে মাঠে থাকত, তবে তাদের এবং ওলামা সমাজকে দীর্ঘ সময় ধরে জেল-জুলুম সহ্য করতে হতো না। তিনি উল্লেখ করেন, সেই সময় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তার কর্মীদের হেফাজত ইসলামীর পাশে দাঁড়ানোর নির্দেশ দিলেও কর্মীরা রাজপথে আসেনি। যদি সেদিন তারা সক্রিয় থাকত, তবে দেশ অনেক আগেই স্বৈরাচারমুক্ত হতো।
খেলাফত মজলিসের এই নেতা আরও বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তার ভিত্তিপ্রস্তর মূলত ২০১৩ সালে শাপলা চত্বরে আলেম ও ছাত্রদের আন্দোলনের মাধ্যমেই স্থাপিত হয়েছিল। তিনি সরকারের কাছে দাবি জানান যেন স্কুল, কলেজ ও মাদ্রাসার পাঠ্যবইয়ে শাপলা চত্বরের সেই ইতিহাস অন্তর্ভুক্ত করা হয়। একই সঙ্গে সেই সময়কার হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্ন করার জোর দাবি জানান তিনি।
শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে ‘শহীদনামা’ শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন এবং একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের ওলামা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।