বরিশাল নগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করলে বিএনপি নেতা-কর্মীদের উপস্থিতিতে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোড কুদঘাটা মোল্লা বাড়ির সামনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে জন্মদিনের কেক ও ব্যানার জব্দ করে থানায় নিয়ে যায়।
২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীন হাওলাদার জানান, রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ব্যানার টাঙিয়ে এবং স্লোগান দিয়ে শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালনের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে বিএনপি নেতা-কর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে সেখানে পৌঁছালে তারা কেক ও ব্যানার ফেলেই দ্রুত এলাকা ত্যাগ করে।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক দেব সরকার জানান, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখান থেকে একটি কেক ও একটি ব্যানার উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।
এদিকে, একই দিনে শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর রাজিব হোসেন খানের নেতৃত্বে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শহীদ মিনারে ব্যানার টাঙিয়ে দোয়া ও মোনাজাত করা হচ্ছে। এই কর্মসূচিটি কাউনিয়া থানা এলাকায় হয়েছে বলে ধারণা করা হলেও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি অস্বীকার করেছেন। এছাড়া আরও একটি ভিডিওতে তিন ছাত্রলীগ অনুসারীকে কেক সামনে রেখে স্লোগান দিতে দেখা গেছে।