সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

চীনের শীর্ষ সামরিক জেনারেলের বিরুদ্ধে তদন্ত শুরু

চীনের শক্তিশালী কেন্দ্রীয় সামরিক কমিশনের অন্যতম শীর্ষ কর্মকর্তা ঝাং ইউক্সিয়া গুরুতর শৃঙ্খলা ও আইন ভঙ্গের অভিযোগে তদন্তের মুখে পড়েছেন।

চীনের শীর্ষ সামরিক জেনারেলের বিরুদ্ধে তদন্ত শুরু
ছবি: সংগৃহীত

চীনের শক্তিশালী কেন্দ্রীয় সামরিক কমিশনের অন্যতম শীর্ষ কর্মকর্তা ঝাং ইউক্সিয়া গুরুতর শৃঙ্খলা ও আইন ভঙ্গের অভিযোগে তদন্তের মুখে পড়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে। ঝাং ইউক্সিয়া ছাড়াও কমিশনের আরেক প্রভাবশালী সদস্য তথা জয়েন্ট স্টাফ ডিপার্টমেন্টের প্রধান লিউ ঝেনলিকেও একই ধরনের তদন্তের আওতায় আনা হয়েছে বলে জানা গেছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ৭৫ বছর বয়সী ঝাং ইউক্সিয়া ১৯৬৮ সালে পিপলস লিবারেশন আর্মিতে (পিএলএ) যোগ দেন এবং দীর্ঘ ক্যারিয়ারে তিনি দলের শীর্ষ পর্যায়ের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার পর থেকেই সামরিক বাহিনীতে দুর্নীতি দমন ও সংস্কারের যে বিশাল কর্মসূচি শুরু করেছেন, তার ধারাবাহিকতায় এবার ঝাং-কে লক্ষ্যবস্তু করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের অভিযানের মূল লক্ষ্য সামরিক কর্মকর্তাদের স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি শি জিনপিংয়ের প্রতি নিরঙ্কুশ আনুগত্য প্রতিষ্ঠা করা। ২০১২ সাল থেকে শুরু হওয়া এই শুদ্ধি অভিযানে এখন পর্যন্ত প্রায় ২ লাখেরও বেশি সরকারি ও সামরিক কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে লিউ ঝেনলি এবং ঝাং ইউক্সিয়ার বিরুদ্ধে আনীত সুনির্দিষ্ট অভিযোগগুলোর বিস্তারিত ব্যাখ্যা করা হয়নি। তবে চীনে 'গুরুতর শৃঙ্খলা ও আইন লঙ্ঘন' বলতে সাধারণত বড় ধরনের আর্থিক দুর্নীতি বা দলীয় আদর্শ চ্যুতির বিষয়টিকে বোঝানো হয়। গত অক্টোবর মাস থেকেই চীনের সামরিক নেতৃত্বে বড় ধরনের রদবদল লক্ষ্য করা যাচ্ছে। ওই সময় কমিশনের আরেক উপপ্রধান হে ওয়েইডংকে বহিষ্কার করে সেখানে ঝাং শেংমিনকে নিয়োগ দেওয়া হয়েছিল।

টানা কয়েক মাসে শীর্ষ পর্যায়ের একাধিক জেনারেলের নিখোঁজ হওয়া বা তদন্তের মুখে পড়া দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার অভ্যন্তরীণ সমীকরণে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ঝাং ইউক্সিয়া এবং লিউ ঝেনলির বিরুদ্ধে এই তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।