যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার দ্বিতীয় দফার ত্রিপক্ষীয় আলোচনা শেষ হয়েছে। দুই দিনের বৈঠকের পরও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি, তবে উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন এবং ভবিষ্যতে আরও বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছেন। রয়টার্স এ খবর প্রকাশ করেছে।
শুক্রবার ও শনিবার (২৩ ও ২৪ জানুয়ারি) অনুষ্ঠিত এই শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে মুখোমুখি কথোপকথন হয়েছে, জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
দেশটির সরকারের একজন মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত শান্তি কাঠামোর মূল বিষয়গুলো বৈঠকে প্রধান আলোচনার বিষয় ছিল। পরিবেশ ছিল ইতিবাচক ও গঠনমূলক। বৈঠকের মূল বিষয়বস্তু ছিল যুদ্ধ সমাপ্তি, দনবাস অঞ্চলের ভবিষ্যৎ এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় যুদ্ধবিরতির সম্ভাবনা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠককে ‘গঠনমূলক’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করার জন্য কিছু ‘সম্ভাব্য কাঠামো’ প্রস্তাব করেছে, যার মধ্যে রয়েছে যুদ্ধবিরতির শর্ত এবং প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা।
জেলেনস্কি আরও জানান, দুই পক্ষ প্রস্তুত থাকলে আগামী সপ্তাহেই আরেকটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউক্রেন আলোচনায় এগোতে ইচ্ছুক। একইভাবে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোও ভবিষ্যতের আলোচনায় অংশ নিতে রাজি।
আলোচনার আগে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চার ঘণ্টা বৈঠক করেন মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। একজন মার্কিন কর্মকর্তা বলেন, বৈঠকটি ‘খুবই ফলপ্রসূ’ ছিল এবং যুদ্ধ শেষ করার জন্য যেসব খোলা পথ রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তবুও আবুধাবির দু’দিনের বৈঠকের শেষে কোনো চুক্তি ঘোষণা করা হয়নি।