আগামী জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক প্রত্যাশার কথা তুলে ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের জনগণের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে এবং দেশের মা-বোনেরাও আগামী নির্বাচনে জামায়াতকে বেছে নেবেন। তিনি মনে করেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।
সোমবার (১২ জানুয়ারি) ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির।
ডা. শফিকুর রহমান বলেন, ‘নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে হবে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি অন্য কোনো দলকে পছন্দ করে আমরা তাদেরকে সহযোগিতা করব। দুর্নীতির বিরুদ্ধে, বিচার বিভাগের স্বাধীনতা এবং সংস্কারের পক্ষে যারা থাকবে আমরা তাদের সঙ্গে থাকবো।’
তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা থাকলেও সেই শঙ্কার বিষয়ে প্রথমে নির্বাচন কমিশনকে জানানো হবে। সমাধান না পেলে জাতিকে জানিয়ে দেবো।’
ভোটাধিকার প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘এবারের নির্বাচন যদি জনগণের হাতছাড়া হয়ে যায় তবে আর কবে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে আমাদের জানা নেই।’
গণমাধ্যম ও প্রশাসনের ভূমিকা নিয়েও মন্তব্য করেন জামায়াতে আমির। তিনি বলেন, ‘আমরা চাই গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক। তারা যদি নিজেরাই পরাধীনতার শৃঙ্খল গলায় পরে তবে জনগণের সঙ্গে প্রতারণা করা হবে। প্রশাসন বা গণমাধ্যম যে যেই ভূমিকা পালন করছে জনগণ সবই মনে রাখছে। জনগণকে বোকা ভাবার কোনো কারণ নেই।’
তিনি জানান, জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, যাতে জনগণ নির্ভয়ে তাদের মতামত প্রকাশ করতে পারে।