মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় শিবিরের শোক-উদ্বেগ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে নিমজ্জিত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় শিবিরের শোক-উদ্বেগ
ছবিঃ সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে নিমজ্জিত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক যৌথ বিবৃতির মাধ্যমে এই শোকবার্তা প্রদান করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় উল্লেখ করেন, গণমাধ্যমের সংবাদ অনুযায়ী বুধবার বিকেলে পন্টুনে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নদীতে তলিয়ে যায়। সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, এই মর্মান্তিক দুর্ঘটনায় ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন। স্বজনহারা পরিবারগুলোর আর্তনাদে ওই এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। এই হৃদয়বিদারক ঘটনায় গভীর মর্মাহত হওয়ার পাশাপাশি নিখোঁজদের দ্রুত ও কার্যকরভাবে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

শিবিরের শীর্ষ নেতৃবৃন্দ দেশের যাতায়াত ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বলেন, বর্তমানে সড়ক, নৌ ও আকাশপথে প্রতিনিয়ত প্রাণহানি ঘটছে যা অত্যন্ত উদ্বেগজনক। চলমান ঈদযাত্রায় ইতোমধ্যে দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া সাম্প্রতিক সময়ে মাইলস্টোন স্কুল সংলগ্ন বিমান দুর্ঘটনা, সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা এবং কুমিল্লায় ট্রেন দুর্ঘটনার মতো ঘটনাগুলো দেশের যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা ও নিরাপত্তাহীনতাকে জনসমক্ষে স্পষ্ট করে তুলেছে। ফেরিঘাটসহ যাতায়াত ব্যবস্থার আধুনিকায়ন ও স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

বিবৃতিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। একইসঙ্গে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, যদি কোনো গাফিলতি বা অব্যবস্থাপনা প্রমাণিত হয়, তবে দায়ীদের বিরুদ্ধে কঠোর দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। পরিশেষে নিহতদের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা।