বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

দুই মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে যেসব সুবিধা

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। খুব শিগগিরই চালু হতে যাচ্ছে ‘প্রবাসী কার্ড’, যার মাধ্যমে প্রবাসীরা পাবেন নানা বিশেষ সুযোগ-সুবিধা। পাশাপাশি বিদেশে মৃত্যুবরণ করা প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে আনার বিষয়েও কাজ চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

দুই মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে যেসব সুবিধা
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। খুব শিগগিরই চালু হতে যাচ্ছে ‘প্রবাসী কার্ড’, যার মাধ্যমে প্রবাসীরা পাবেন নানা বিশেষ সুযোগ-সুবিধা। পাশাপাশি বিদেশে মৃত্যুবরণ করা প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে আনার বিষয়েও কাজ চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

জাতিসংঘের দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’-এ অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন মন্ত্রী।

তিনি জানান, দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবাসীদের বিনিয়োগে আগ্রহী করতে সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। যারা বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠাচ্ছেন, তাদের জন্য আগামী দুই মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’ চালুর সম্ভাবনা রয়েছে।

মন্ত্রী বলেন, এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন সুবিধা, দেশে অবস্থানকালে নিরাপত্তা এবং সম্পদের সুরক্ষাসহ বিভিন্ন সুবিধা পাবেন।

তিনি আরও বলেন, যারা বেশি পরিমাণে রেমিট্যান্স পাঠাবেন, তাদের জন্য অতিরিক্ত লজিস্টিক সহায়তার ব্যবস্থাও রাখা হবে।

মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ছিল, বিদেশে মৃত্যুবরণ করলে তাদের মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা। এ বিষয়ে মন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে প্রবাসীবান্ধব নীতি গ্রহণ করেছে এবং দাবিটি বাস্তবায়নে কাজ এগিয়ে চলছে।

প্রবাসীদের দেশে বিনিয়োগে উৎসাহিত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, অনেক প্রবাসী দেশে বিনিয়োগ করতে আগ্রহী হলেও নানা জটিলতা ও প্রতারণার কারণে তারা নিরুৎসাহিত হন। এসব সমস্যা দূর করতে সরকার নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, এটি সময়সাপেক্ষ হলেও এ নিয়ে কাজ চলছে। শুধু নিউইয়র্ক নয়, ভবিষ্যতে অন্যান্য দেশ থেকেও সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়াকেও গুরুত্ব দিয়ে দেখা হবে বলে উল্লেখ করেন তিনি।