শনিবার, 24 অক্টোবর 2026
সকল বিভাগ

দুই শীর্ষ সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় গ্রেপ্তার আবেদন

মানবতাবিরোধী অপরাধ ও গুমের অভিযোগে দুই সাবেক লেফটেন্যান্ট জেনারেলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়েরের পাশাপাশি তাদের গ্রেপ্তারের আবেদন জানানো হয়েছে।

দুই শীর্ষ সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় গ্রেপ্তার আবেদন

মানবতাবিরোধী অপরাধ ও গুমের অভিযোগে দুই সাবেক লেফটেন্যান্ট জেনারেলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়েরের পাশাপাশি তাদের গ্রেপ্তারের আবেদন জানানো হয়েছে।

রোববার (২৯ মার্চ) ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করা হয়। অভিযুক্তরা হলেন—প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।

এর আগে, বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ডিওএইচএস এলাকার একটি ফ্ল্যাট থেকে শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন বৃহস্পতিবার (২৬ মার্চ) মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদের আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনের সময় ৫ থেকে ৭ শতাধিক আওয়ামী লীগের নেতা-কর্মী দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। অভিযোগ রয়েছে, এই হামলার নির্দেশ দেন শেখ মামুন খালেদ। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন, যিনি পরবর্তীতে ২১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আবেদনে আরও বলা হয়, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন, অন্য আসামিদের গ্রেপ্তার, অজ্ঞাতদের শনাক্তকরণ এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের স্বার্থে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

অন্যদিকে, মাসুদ উদ্দিন চৌধুরীকে সোমবার (২৩ মার্চ) রাতে ঢাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে পল্টন থানার একটি মামলায় আদালতে হাজির করা হলে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।