শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

দুর্যোগে মানুষের পাশে থাকাই বিএনপির রাজনীতি: রিজভী

দুর্যোগ, সংকট কিংবা দুঃশাসনের অন্ধকার সময়েও বিএনপি নিপীড়িত মানুষের পাশে থেকেছে—এমন দাবি করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির মূল রাজনীতির ভিত্তি।

দুর্যোগে মানুষের পাশে থাকাই বিএনপির রাজনীতি: রিজভী
ছবি: সংগৃহীত

দুর্যোগ, সংকট কিংবা দুঃশাসনের অন্ধকার সময়েও বিএনপি নিপীড়িত মানুষের পাশে থেকেছে—এমন দাবি করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির মূল রাজনীতির ভিত্তি।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর মহাখালী টিভি গেট এলাকায় ঢাকা মহানগর উত্তর ড্যাবের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, যখন শেখ হাসিনা বিরোধী দল নিশ্চিহ্ন করার কর্মসূচির অংশ হিসেবে এমন পরিস্থিতি তৈরি করেছিলেন যে দলীয় বা সামাজিক কোনো কাজই করা সম্ভব ছিল না, এমনকি সেবামূলক কার্যক্রমেও পুলিশের বাধা আসত—তবুও বিএনপি মানুষের পাশে দাঁড়ানো বন্ধ করেনি।

তিনি বলেন, গত ১৫–১৬ বছরের অন্যায় শাসনামলে করোনা, বন্যা কিংবা প্রচণ্ড শীতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি একবারও বন্ধ হয়নি। সেই ধারাবাহিকতা এখনো বজায় আছে। হাসিনার পতনের পরও সমাজের প্রতি জাতীয়তাবাদী শক্তির দায়িত্ব পালনে কোনো শৈথিল্য আসেনি।

চিকিৎসক সংগঠন ড্যাবের ভূমিকার কথা উল্লেখ করে রিজভী বলেন, সংগঠনটি নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণ ও বন্যাদুর্গত মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “আমাদের রাজনীতি বড় বড় কথা বলা নয়, কাউকে হেয় করা নয়, ভিডিও ভাইরাল করে চরিত্রহনন নয়—এসব আমরা করি না।”

সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, কারা কুৎসা রটাচ্ছে বা অপপ্রচার চালাচ্ছে, তা জনগণ বুঝে। বিএনপি ও তার অঙ্গসংগঠন মানুষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে সুখে-দুঃখে পাশে দাঁড়াচ্ছে।

রিজভী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে বিশ্বাসী পেশাজীবী সংগঠনগুলো নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করছে। “আমরা কারো বিরুদ্ধে বিষোদ্গার করি না। আমরা বিশ্বাস করি—রাজনীতি মানেই সমাজসেবা, রাজনীতি মানেই মানুষের কল্যাণ।”

নির্বাচনী প্রচারণা নিয়ে তিনি বলেন, দেশজুড়ে প্রচারণায় তারেক রহমান নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি মেনেই অংশ নিচ্ছেন। তিনি একজন জনপ্রিয় নেতা, যাকে অতীতে দুঃশাসনের সময় দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং তার বক্তব্য প্রচারে বাধা দেওয়া হয়েছিল।

রিজভী বলেন, প্রযুক্তির মাধ্যমে তারেক রহমান সারা দেশের মানুষের সঙ্গে যোগাযোগ রেখে নেতৃত্ব দিচ্ছেন এবং নির্বাচনী বক্তব্যে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, ২৫ কোটি বৃক্ষরোপণসহ বাস্তবভিত্তিক নানা প্রতিশ্রুতির কথা তুলে ধরছেন। তিনি কাউকে আক্রমণ করছেন না বা কুৎসা রটাচ্ছেন না বলেও মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি অধ্যাপক সরকার মাহবুব শামীম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবির, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. আউয়াল, ড্যাব নেতা ডা. গালিব, ডা. আকাশ, ডা. লাবিদ, ডা. আফিফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।