যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, একতরফা চুক্তির সময় শেষ হয়ে গেছে এবং প্রতিশ্রুতি ভঙ্গের মূল্য দিতে হবে। একই সময়ে হরমুজ প্রণালিতে অস্থিতিশীলতার জন্যও ওয়াশিংটনকে দায়ী করেছে তেহরান।
রোববার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ মন্তব্য করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের প্রধান আলোচকের দায়িত্ব পালন করছেন।
এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, "আমরা আগেই বলেছিলাম: হয় তোমরা তোমাদের প্রতিশ্রুতি রক্ষা করবে, নয়তো এর মূল্য দিতে হবে। বাস্তবতা এখন দরজায় কড়া নাড়ছে”।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও হরমুজ প্রণালিতে ‘অস্থিতিশীলতা ফিরে আসার’ জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। তাদের অভিযোগ, সাম্প্রতিক পরিস্থিতির জন্য ওয়াশিংটনের ভূমিকাই মূল কারণ।
অন্যদিকে একই দিন বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান প্রসঙ্গে বলেন, “আমরা তাদের কঠিনভাবে মোকাবিলা করছি”।