রবিবার, 18 অক্টোবর 2026
সকল বিভাগ

এনসিপির সমাবেশ ঘিরে বিএনপিতে উত্তেজনা

কুমিল্লার হোমনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি সমাবেশকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

এনসিপির সমাবেশ ঘিরে বিএনপিতে উত্তেজনা
ছবি : সংগৃহীত

কুমিল্লার হোমনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি সমাবেশকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

আগামীকাল রোববার দুপুরে হোমনা বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে এই জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও।

দলীয় সূত্রে জানা গেছে, হোমনা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক রাজু আহমেদ সরকারের সভাপতিত্বে এই সমাবেশে প্রধান সারির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এতে অংশ নেওয়ার কথা রয়েছে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহের। সমাবেশকে কেন্দ্র করে এনসিপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম গতিশীল করতেই এই আয়োজন এবং সেখানে প্রায় ৫০ হাজার মানুষের সমাগম ঘটবে।

তবে এই সমাবেশকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের ক্ষুব্ধ হওয়ার পেছনে একটি পুরোনো রাজনৈতিক বিতর্ক কাজ করছে। এর আগে তিতাস উপজেলায় জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে জড়িয়ে কিছু আপত্তিকর মন্তব্য করেছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির তৃণমূলের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এখন হাসনাত আব্দুল্লাহর পুনরায় হোমনায় আসার খবর আসতেই সেই পুরোনো ক্ষোভ নতুন করে চাঙ্গা হয়ে উঠেছে। ফেসবুকের বিভিন্ন পোস্টে বিএনপির নেতাকর্মীরা ওই বক্তব্যের তীব্র সমালোচনা করে বলছেন, সমাবেশে আসার আগে হাসনাত আব্দুল্লাহকে সংসদ সদস্য সেলিম ভূঁইয়ার কাছে দুঃখ প্রকাশ করতে হবে। কোনো কোনো নেতাকর্মী এমন হুঁশিয়ারিও দিয়েছেন যে, ভবিষ্যতে আবারও এমন বক্তব্য দেওয়া হলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।

সম্প্রতি হোমনা উপজেলা ও পৌর বিএনপির একটি বর্ধিত সভায় ক্ষোভ উগরে দিয়ে পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম অপু বলেন, তাদের শীর্ষ নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার পর এনসিপি নেতারা যদি ক্ষমা না চান, তবে স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা তাদের বয়কট করবে এবং এলাকায় কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না।

এমন উত্তেজনাকর পরিস্থিতির মুখে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন খোদ কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, বিএনপি একটি উদার ও পরমতসহিষ্ণু রাজনৈতিক দল, যা নাগরিকের বাকস্বাধীনতায় বিশ্বাস করে। একটি বড় দলের কর্মকাণ্ড নিয়ে যে কেউ সমালোচনা করতেই পারে। তাই এনসিপির সমাবেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের নেতিবাচক বা উস্কানিমূলক মন্তব্য না করার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান।

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, সমাবেশকে কেন্দ্র করে ভার্চুয়াল জগতে উস্কানিমূলক পোস্ট ছড়ানোর বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। তবে সংসদ সদস্য সেলিম ভূঁইয়া নিজেই এনসিপিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আইনশৃঙ্খলার যেন কোনো অবনতি না ঘটে, সেজন্য পুলিশি নজরদারি জোরদার রাখা হয়েছে।