আগামী ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল নিয়ে এমন ঘোষণা এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে।
তিনি জানান, এবারের এসএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে। প্রশ্নফাঁসসহ কোনো ধরনের বিশৃঙ্খলা না থাকায় সফলভাবে পরীক্ষা আয়োজন সম্ভব হয়েছে, যা সংশ্লিষ্ট সবাইয়ের সমন্বিত প্রচেষ্টার ফল বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলন। এ সময় তিনি দায়িত্ব গ্রহণের চার মাস পূর্তি উপলক্ষ্যে মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনাও উপস্থাপন করেন।
তিনি বলেন, সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা খাতে সংস্কার, মানোন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব উদ্যোগ বাস্তবায়নে মন্ত্রণালয় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
শিক্ষামন্ত্রী আরও জানান, দায়িত্ব গ্রহণের পরপরই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্থগিত থাকা বৃত্তি পরীক্ষাগুলো সম্পন্ন করা হয়েছে। একইসঙ্গে দীর্ঘদিন ধরে চলমান একটি সমস্যা সমাধান করা হয়েছে, যেখানে বিভিন্ন বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুল বৃত্তি পরীক্ষার কার্যক্রমে অংশ নিত না। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ সংকট নিরসন করে বৃত্তি কার্যক্রম সফলভাবে শেষ করা সম্ভব হয়েছে।
সেশনজট কমানোর লক্ষ্যে নতুন পরিকল্পনার কথাও জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সুবিধার্থে এক বছর আগেই পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
শিক্ষা খাতের উন্নয়ন ও আধুনিকায়নের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এর অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এক লাখ ২০ হাজার শিক্ষককে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন।
এছাড়া উদ্ভাবনী শিক্ষাকে উৎসাহিত করতে দেশব্যাপী ‘ইনোভেশন আইডিয়া শোকেস’ আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান আগামী ২৮ ও ২৯ জুন অনুষ্ঠিত হবে। এতে ৩২টি সম্মেলন ও প্রদর্শনী আয়োজন করা হয়েছে এবং সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, গত ৪ এপ্রিল থেকে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। ছেলে ও মেয়ে উভয় বিভাগের অংশগ্রহণে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আগামী ২০ জুন জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, শিক্ষা খাতে সরকারের অন্যতম লক্ষ্য হলো আনন্দময় ও মানবিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা। এজন্য খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, নৈতিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধের চর্চা, শিক্ষার্থীদের পোশাক ও মিড-ডে মিলসহ বিভিন্ন বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।