ফিলিস্তিনের গাজা নগরীতে ইসরায়েলের বিমান হামলায় চার শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও রয়েছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার (৩ জুন) রাতে গাজা নগরীর বিভিন্ন এলাকায় অবস্থিত চারটি আবাসিক ভবনে একযোগে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। অভিযোগ রয়েছে, হামলার আগে বাসিন্দাদের কোনো ধরনের সতর্কবার্তা দেওয়া হয়নি।
হামলার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয় এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।
আল-শিফা হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে ৬ জন নিহত হওয়ার তথ্য জানানো হলেও পরে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে পৌঁছায়।
এদিকে হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি গণমাধ্যম দপ্তর দাবি করেছে, গত বছরের ১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত তিন হাজারের বেশি বার সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
তাদের তথ্যমতে, এসব ঘটনার ফলে অন্তত ৯০০ ফিলিস্তিনি নিহত এবং দুই হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।
ফিলিস্তিনি পক্ষের অভিযোগ, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় ইসরায়েলি সামরিক অভিযান ও হামলা অব্যাহত রয়েছে।