ইয়ালু নদীর ওপর নির্মিত নতুন সেতু পেরিয়ে চীনের সীমান্তবর্তী শহর দানদংয়ে পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। শনিবার (২৪ অক্টোবর) তিনি সেখানে যান বলে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। সেতুটি আনুষ্ঠানিকভাবে চালুর প্রায় এক সপ্তাহ পর কিমের এই সফর অনুষ্ঠিত হলো।
দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, দানদংয়ে কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।
প্রায় তিন কিলোমিটার দীর্ঘ চার লেনের সেতুটির নির্মাণকাজ ২০১৪ সালে শেষ হয়। তবে সংযোগ সড়ক ও শুল্কসংক্রান্ত অবকাঠামো তৈরি না হওয়ায় এত দিন এটি চালু করা সম্ভব হয়নি। নতুন এই সেতু দিয়ে দিনরাত কনটেইনার ও ভারী পণ্যবাহী যান চলাচল করতে পারবে। এতে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন ও বাণিজ্য বাড়বে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের মোকাবিলায় চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চাইছেন কিম জং উন। চীন উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। একই সঙ্গে দেশটি উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক সমর্থক।
এদিকে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর মস্কোর সঙ্গে পিয়ংইয়ংয়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে বেইজিংয়ে বিজয় দিবসের ৮০তম বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে চীন সফর করেছিলেন কিম। চলতি বছরের জুনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং উত্তর কোরিয়া সফর করেন। ওই সময় দুই দেশের মধ্যে বাণিজ্য, কৃষি, নির্মাণ ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।