যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাটরা কারচুপি করে জয় ছিনিয়ে নিয়েছিল। এ কারণে আবারও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রয়েছে বলে মনে করেন তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার আইওয়া অঙ্গরাজ্যের সিউক্স সিটিতে এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ না থাকলেও এ বিষয়ে বারবার নিজের আগ্রহের কথা জানিয়ে আসছেন তিনি।
সমাবেশে ট্রাম্প বলেন, পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, তা তিনি জানেন না। আইন অনুযায়ী আবার নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি তাঁর নেই বলে মনে হলেও এ বিষয়ে তিনি পুরোপুরি নিশ্চিত নন।
তবে বক্তব্যের একপর্যায়ে যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনীর বিষয়টি স্বীকার করেন ট্রাম্প। এই সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না। এরপরও ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাটরা তাঁর কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছে বলে পুরোনো অভিযোগ পুনর্ব্যক্ত করেন তিনি।
হাসতে হাসতে ট্রাম্প বলেন, দ্বিতীয়বারও তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে। তাঁর দাবি, তাঁরা তিনবার জিতেছেন। এ কারণে আবারও নির্বাচনে লড়ার অধিকার তাঁর রয়েছে বলে তিনি মনে করেন। পরে একই ধরনের মন্তব্য করলে সমাবেশে উপস্থিত সমর্থকেরা করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান।
ট্রাম্প নিয়মিতই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়ে আসছেন। তবে সংবিধানের বর্তমান বিধান অনুযায়ী, তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা সাংবিধানিক বাধার মুখে পড়বে।
২০২৫ সালের অক্টোবরে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারলে তিনি খুবই খুশি হবেন। একই বছরের ফেব্রুয়ারিতে টেক্সাসের এক সমাবেশে সমর্থকদের উদ্দেশে তিনি বলেছিলেন, তাঁদের হয়তো আরও একটি মেয়াদ থাকা উচিত। তখনও তিনি আরেক মেয়াদে প্রেসিডেন্ট থাকার অধিকার রয়েছে বলে দাবি করেন।
গত বছর ট্রাম্পের নিজস্ব দোকানে ‘ট্রাম্প ২০২৮’ লেখা টুপি বিক্রি শুরু হয়। এমনকি জুলাইয়ে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেও ওই টুপি পরেছিলেন তিনি। তবে তাঁর ঘনিষ্ঠ মিত্ররা এসব বক্তব্যকে নিছক রসিকতা হিসেবে দেখছেন।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন গত বছর সাংবাদিকদের বলেছিলেন, তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার কথা বলে ট্রাম্প ডেমোক্র্যাটদের খেপিয়ে মজা পান। সংবিধান সংশোধন করে ট্রাম্পকে আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়ার কোনো পথ তিনি দেখছেন না বলেও জানান জনসন।
অন্যদিকে, ট্রাম্পের বিরোধীদের আশঙ্কা, তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি নিয়ে তিনি সত্যিই আন্তরিক হতে পারেন।
নিজেও সংবিধানের বিধিনিষেধ সম্পর্কে অবগত বলে জানিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার রাতের সমাবেশে তিনি বলেন, এ বিষয়ে সংবিধানের সংশ্লিষ্ট ধারাটি তিনি দীর্ঘদিন ধরে পড়ে আসছেন। তাঁর মতে, ধারাটি বেশ সংক্ষিপ্ত এবং সেখানে ব্যাখ্যার সুযোগ খুব বেশি নেই।
এদিকে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের আরও বেশি আসনে জয়ী করতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প।
তবে তাঁর এই কৌশল কতটা কার্যকর হবে, তা এখনো স্পষ্ট নয়। এরই মধ্যে ট্রাম্পের প্রতি জনসমর্থন নতুন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।