আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং সর্বত্র দলীয়করণের প্রতিবাদে গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আগামী শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকার জাতীয় জাদুঘরের সামনে ঢাকা উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে ঢাকা ও আশপাশের এলাকার সর্বসাধারণকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
আখতার হোসেন বলেন, দেশের মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভোগান্তিতে রয়েছেন। রাট্টার ঘটনায় সরকারকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, এ-সংক্রান্ত দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে। মন্ত্রণালয়ের দায়িত্ব যথাযথভাবে পালন না করে স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান সংশোধনের কাজে ব্যস্ত রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
সংবিধান সংশোধনের বিষয়ে আখতার হোসেন বলেন, বাংলাদেশের জনগণের জনমতের বাইরে গিয়ে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ১২ ফেব্রুয়ারির গণভোটের রায়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সাংবিধানিক বিষয়গুলোর সমাধানের পক্ষে মত দিয়েছেন জনগণ।
তবে জনগণের সেই রায় উপেক্ষা করে সরকার একতরফা ও একদলীয় সংবিধান সংস্কার কমিটি গঠন করেছে বলে অভিযোগ করেন তিনি। এনসিপির পক্ষ থেকে এ কমিটি বাতিল করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার কমিটি গঠনের দাবি জানান আখতার হোসেন।
মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষ মানবাধিকার পরিস্থিতির একটি কালো অধ্যায় দেখেছে। সেই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মানবাধিকারের পক্ষে কিছু অধ্যাদেশ জারি করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এসব অধ্যাদেশ দুর্বল করে মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি তৈরি করেছে বলে অভিযোগ করেন তিনি।
আখতার হোসেন আরও বলেন, গুম প্রতিকার ও প্রতিরোধ-সংক্রান্ত একটি অধ্যাদেশও দুর্বল করা হয়েছে। এর ফলে গুমের শিকার ব্যক্তিরাই আবার আইনি জটিলতা ও হয়রানির মুখে পড়তে পারেন—এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে দাবি করেন তিনি।