কোনো মামলায় গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি। এমনকি পরিস্থিতি অনুযায়ী তাঁকে যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার ক্ষেত্রেও স্থায়ীভাবে অযোগ্য ঘোষিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
শনিবার (২৪ অক্টোবর) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ বিষয়ে সতর্ক করা হয়। এতে ভিসাধারীদের অভিবাসন আইন ও এর সম্ভাব্য আইনি পরিণতি সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই যেকোনো পরিস্থিতিতে দেশটিতে প্রবেশ বা অবস্থানের অধিকার নিশ্চিত হয় না। ব্যক্তির কর্মকাণ্ড, পারিপার্শ্বিক পরিস্থিতি এবং প্রচলিত আইন অনুযায়ী যেকোনো সময় তাঁর ভিসার বৈধতা কিংবা যুক্তরাষ্ট্রে অবস্থানের যোগ্যতা পরিবর্তিত হতে পারে।
এর আগে আরেকটি বার্তায় ভিজিটর ভিসা বা বি১/বি২ ভিসার সঠিক ব্যবহার সম্পর্কে পরামর্শ দিয়েছিল মার্কিন দূতাবাস। ওই বার্তায় জানানো হয়, বি১/বি২ ভিসা মূলত স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য দেওয়া হয়। এ ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণ, ছুটি কাটানো, কেনাকাটা, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা এবং ব্যবসায়িক সভা ও সম্মেলনে অংশ নেওয়া যায়।
তবে এ ধরনের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে সাধারণ চাকরি করা কিংবা অনুমোদনহীন কোনো কাজে যুক্ত হওয়া বেআইনি। তাই ভিসার ধরন এবং যে উদ্দেশ্যে ভিসা দেওয়া হয়েছে, সে অনুযায়ী দেশটিতে ভ্রমণ ও অবস্থান করতে হবে।