মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

ফিলিস্তিনের পতাকা হাতে শিরোপা উৎসবে ইয়ামাল

লা লিগা জয়ের আনন্দময় শোভাযাত্রায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করলেন বার্সেলোনার স্প্যানিশ তরুণ তারকা লামিন ইয়ামাল।

ফিলিস্তিনের পতাকা হাতে শিরোপা উৎসবে ইয়ামাল

লা লিগা জয়ের আনন্দময় শোভাযাত্রায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করলেন বার্সেলোনার স্প্যানিশ তরুণ তারকা লামিন ইয়ামাল।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, ১৮ বছর বয়সী এই ফুটবলার ওপেন-টপ বাসের ভেতর থেকে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দিচ্ছেন। মুহূর্তটি দ্রুতই অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

শিরোপা উদযাপনে স্পেনের বার্সেলোনা শহরের রাস্তাঘাট উৎসবমুখর হয়ে ওঠে। প্রিয় দলকে স্বাগত জানাতে হাজারো সমর্থক সড়কে নেমে আসেন। উল্লাস, স্লোগান আর উদযাপনে মুখর হয়ে ওঠে পুরো শহর।

এর আগে রোববার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে বার্সেলোনা তাদের ইতিহাসের ২৯তম লা লিগা শিরোপা নিশ্চিত করে। এটি দ্বিতীয়বারের মতো এল ক্লাসিকোর ফলেই লিগ শিরোপার ভাগ্য নির্ধারিত হলো। একই সঙ্গে টানা দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা জিতল বার্সেলোনা।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বার্সেলোনা শহর স্পেনে ফিলিস্তিনপন্থি আন্দোলনের অন্যতম বড় কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে।

শহরটি থেকে নিয়মিত বড় পরিসরে ফিলিস্তিন সমর্থনে মিছিল হয়েছে। পাশাপাশি অবরুদ্ধ গাজায় সহায়তা পৌঁছে দিতে এখান থেকে একাধিক ত্রাণবাহী জাহাজও পাঠানো হয়েছে।