মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

‘ঘরের মানুষের কাছে আমার বলবার কিছু নেই’

দীর্ঘ ১৯ বছর পর নিজের নির্বাচনী এলাকায় ফিরে আবেগ ধরে রাখতে পারেননি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘নিজের ঘরে এসে কী বলবো, নিজেই তাল হারিয়ে ফেলেছি। আমি ইমোশনাল হয়ে গেছি। ঘরের মানুষের কাছে বলবার কিছু নেই।’

‘ঘরের মানুষের কাছে আমার বলবার কিছু নেই’
ছবি: সংগৃহীত


দীর্ঘ ১৯ বছর পর নিজের নির্বাচনী এলাকায় ফিরে আবেগ ধরে রাখতে পারেননি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘নিজের ঘরে এসে কী বলবো, নিজেই তাল হারিয়ে ফেলেছি। আমি ইমোশনাল হয়ে গেছি। ঘরের মানুষের কাছে বলবার কিছু নেই।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১২টা ৪৫ মিনিটে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

১৯ বছর আগে দেশে থাকার সময় বগুড়ার মানুষের সঙ্গে কাজ করার নানা স্মৃতি এখনও তার মনে গেঁথে আছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মানুষের প্রয়োজন অনুযায়ী যা করা দরকার ছিল, তা সরকার নির্ধারিত আইন ও নীতিমালার মধ্যেই বাস্তবায়নের চেষ্টা করেছিলেন।

বনানী-মাটিডালি সড়ক, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ স্থাপন এবং গ্যাস সংযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বগুড়া ছিল আমার কাছে একটি মডেল জেলা। বাকি ৬৩টি জেলা কিভাবে সাজানো যায়, তার পরিকল্পনা করতাম বগুড়াকে কেন্দ্র করেই।’

তিনি দাবি করেন, মানুষের মৌলিক চাহিদা পূরণে প্রয়োজনীয় প্রায় সব সুবিধাই তখন বগুড়ায় ছিল এবং সে সময় তারা তা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলেন।

আগামী নির্বাচনে বগুড়াবাসীকে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় তিনি বলেন, “আমরা যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করতে হবে। আর তার জন্য ১২ তারিখের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি দাবি করেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত নিজের অবস্থান এবং বর্তমান অবস্থান এক নয়। পাশাপাশি তিনি বিগত ১৬ বছরের অসংগতির কথা তুলে ধরে বলেন, “শুধু বগুড়া নয়, সমগ্র বাংলাদেশ বিগত ১৬ বছর বঞ্চিত ছিল। সুতরাং যদি সুযোগ আসে সরকার গঠনের, তাহলে আমাদের চিন্তা করতে হবে সমগ্র বাংলাদেশকে একসাথে এগিয়ে নেওয়ার।”

আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, “দেশের মানুষ চিকিৎসাসেবা ঠিকভাবে পায়নি। কৃষকরা নানা সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এমনকি গত ১৫ বছরে দেশের কোনো প্রতিষ্ঠান ঠিকভাবে গড়ে উঠতে দেওয়া হয়নি। শুধু তথাকথিত মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে।”

তিনি আরও বলেন, ‘সরকার গঠন করতে পারলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে’। একই সঙ্গে তিনি বগুড়াবাসীকে সমগ্র বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। এছাড়া যোগ্যতার ভিত্তিতে সবার মূল্যায়ন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তব্যের শেষাংশে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি উদ্ধৃতি স্মরণ করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।