বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে সংবিধানের পরিমার্জন ও সংশোধন এখন গণদাবিতে পরিণত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জনগণের এই আকাঙ্ক্ষা পূরণে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
রোববার সকালে সিলেট সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী মতবিনিময় ও শুভেচ্ছা সভায় তিনি এসব কথা বলেন।
বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন, সাম্প্রতিক নির্বাচনে ৬৫ শতাংশ মানুষ ভোট প্রদানের মাধ্যমে সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। গণভোটের একটি অংশ বাস্তবায়িত হলেও বড় একটি অংশ এখনো উপেক্ষিত রয়ে গেছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান রাষ্ট্রপতির অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন রয়েছে। ব্যক্তি হিসেবে তাঁর বিষয়ে আপত্তি থাকলেও রাষ্ট্রপতি পদের প্রতি জামায়াতের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। এই সংকট নিরসনে তিনি সরকারি দলের বিশেষ উদ্যোগ কামনা করেন।
দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদের অবসান ঘটলেও এর প্রভাব এখনো সমাজ ও রাষ্ট্রযন্ত্রে বিদ্যমান। রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিভিন্ন স্থানে সহিংসতা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। রাজনীতিকদের কথা ও কাজের অমিলের কারণে সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। একটি জবাবদিহিমূলক সমাজ গঠনে রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
ঈদযাত্রায় পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায়ের তীব্র সমালোচনা করে জামায়াত আমির বলেন, জনগণের স্বার্থ রক্ষায় সরকারকে কঠোর হতে হবে। বিরোধী দল হিসেবে সংসদ ও রাজপথে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো আপস করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। বিগত নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ইতিবাচক রাজনীতির ধারা বজায় রাখতে তারা নির্বাচন বর্জন করেননি, বরং অনেক প্রতিকূলতা সত্ত্বেও অংশ নিয়েছেন। তবে নির্বাচনের মান নিয়ে টিআইবি বা সুজনের মতো সংস্থার প্রতিবেদনগুলো প্রকৃত চিত্র বুঝতে সহায়ক হবে বলে তিনি মনে করেন।
সিলেটের আঞ্চলিক উন্নয়ন নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, ঢাকা-সিলেট মহাসড়কসহ স্থানীয় অবকাঠামো উন্নয়নে চরম অবহেলা পরিলক্ষিত হচ্ছে। তিনি সিলেটের জন্য অতিরিক্ত কিছু নয়, বরং নায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান। এছাড়া তৃণমূল পর্যায়ে গণতন্ত্র ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মতবিনিময় সভায় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ডা. শফিকুর রহমান দক্ষিণ সুরমা থানা জামায়াতের সদ্য প্রয়াত আমির মাওলানা মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।