ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক বাস্তিল চত্বরে জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এনসিপি। গত শুক্রবার আয়োজিত এই সংহতি সমাবেশে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম সংগঠনের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি সঞ্চালনা করেন যুগ্ম-আহ্বায়ক মনোয়ার পাটোয়ারী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের ভারপ্রাপ্ত সদস্যসচিব কাউসার আহমেদ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পিনাকী ভট্টাচার্য ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে বলেন, বিশ্বাসঘাতক জুডাস যেভাবে তুচ্ছ স্বার্থে নিজের আদর্শ বিসর্জন দিয়েছিল, বর্তমানেও একটি পক্ষ বাংলাদেশকে সেই পুরোনো ও বৈষম্যমূলক রাজনৈতিক কাঠামোর দিকে ধাবিত করার চেষ্টা করছে। তিনি প্রশ্ন তোলেন, ঠিক কোন হীন স্বার্থে জনগণের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করার এই পায়তারা চলছে। তিনি আরও দৃঢ়ভাবে ব্যক্ত করেন যে, ৫ আগস্টের আগে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি বিদ্যমান ছিল, সেখানে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। রাজপথে ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তা প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে রক্ষা করবে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ে তারা সবসময় সক্রিয় থাকবে।
উক্ত মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক আবু মান্নান আজাদ, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন ও মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ। এছাড়াও বাংলাদেশি নাগরিক পরিষদের সিনিয়র সদস্য শহিদুল ইসলাম, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের নির্বাহী সদস্য মো. সাকিব হোসেন, মাজহারুল হক তালুকদার, মানবাধিকার সংস্থা এফডিএইচআরের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ এবং কমিউনিটি নেতা মোহাম্মদ সাইফুল আলম তাদের মতামত তুলে ধরেন।
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশি নাগরিক পরিষদ সদস্য ওয়াদুদ তানভীর, এনসিপি ফ্রান্সের জ্যেষ্ঠ সদস্য আনোয়ার রুল ইসলাম, তাওহিদা বেগম, অ্যাক্টিভিস্ট আজিমুল হক খান এবং সাংবাদিক সরদার হাসান ইলিয়াছ, আরাফাত রহমান ও জাফরুল হাসানসহ আরও অনেকে। বক্তারা প্রবাস থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব ও জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলনে অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।