গণভোটের রায় কার্যকর এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। আগামী শনিবার (৪ এপ্রিল) ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জোটটি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর গুলশানে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।
তিনি অভিযোগ করেন, সরকার সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। পাশাপাশি বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী ধারায় এগোচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। জনস্বার্থ রক্ষায় রাজপথে আন্দোলনই একমাত্র পথ বলে উল্লেখ করেন এই নেতা।
তিনি বলেন, ‘সংবিধান সংশোধন নয়, সংস্কার ই করতে হবে। সংবিধান সংশোধনের মধ্যদিয়ে আওয়ামী লীগের পথেই হাটছে সরকার। জনগণের রায় মূল্যায়ন না করলে, রাজপথে আন্দোলনের বিকল্প নেই।’
হামিদুর রহমান আরও বলেন, ‘১১ দলের আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজপথের আন্দোলন ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই৷ শনিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দল।’
এসময় তিনি সংসদে সরকারি দলের মুলতবি প্রস্তাব উত্থাপন এবং জ্বালানি সংকট সমাধানে ব্যর্থতারও সমালোচনা করেন।
তিনি সতর্ক করে বলেন, গণভোটের রায় বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নিলে আগামী ৭ এপ্রিল বৈঠক করে দীর্ঘমেয়াদি আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।