সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

ষড়যন্ত্রকারী আপনাদের ভেতরেও আছে, আমাদের ভেতরেও আছে: আইজিপি

দেশের সর্বত্রই ‘ষড়যন্ত্রকারী’ রয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

ষড়যন্ত্রকারী আপনাদের ভেতরেও আছে, আমাদের ভেতরেও আছে: আইজিপি

দেশের সর্বত্রই ‘ষড়যন্ত্রকারী’ রয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন আইজিপি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মো. আলী হোসেন ফকির বলেন, 'আপনারা জানেন যখনই আমরা কোনো অন্যায়-অবিচার-দুর্নীতির বিরুদ্ধে কাজ করি, তখন আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের গুজব ছড়ানো হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়। এগুলা ইয়েলো সাংবাদিকতা।'

সাংবাদিকদের এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'সাংবাদিকদের বলব আপনারা এর বিরুদ্ধে দাঁড়ান। আপনাদের দুয়েকজন যেমন আছেন, আমাদের পুলিশেও আছে খারাপ লোক। আমি একবার বলেছিলাম যে আমাদের এক শতাংশ লোকও খারাপ না। এটা নিয়ে মিডিয়াতে বলা শুরু হলো যে, আমি পুলিশকে জায়েজ করছি।'

নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে আইজিপি বলেন, 'আমি অ্যানালাইসিস দিয়ে বলেছি কয়েকজন লোকের কারণে কেন আমি পুরো পুলিশ বাহিনীর দুর্নামের দায় নেব। আমি বলব, আপনারা সঠিক জিনিসটা মানে আমি অপরাধ করে থাকলে সেটাই বলেন। কিন্তু অপবাদ-গুজব দিয়ে একজনের মনোভাব নষ্ট করা—এটা নিয়ে ষড়যন্ত্র আছে,'

তিনি আরও বলেন, 'আসুন ষড়যন্ত্রকারীদের আমরা চিহ্নিত করি। আপনাদের ভেতরেও ষড়যন্ত্রকারী আছে, আমাদের ভেতরেও আছে। সারা বাংলাদেশে আছে। ভবিষ্যৎ প্রজন্মকে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে আসুন সবাই মিলে ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াই।'