মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

জামায়াতের নির্বাচনি প্রচারণায় ছাত্রদল নেতার বাধা

রাজশাহী মহানগরীর ঘোষপাড়া মোড় এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে।

জামায়াতের নির্বাচনি প্রচারণায় ছাত্রদল নেতার বাধা
ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরীর ঘোষপাড়া মোড় এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে প্রচারণার গাড়ি থেকে গান বাজানোর সময় এ পরিস্থিতি সৃষ্টি হয়। জামায়াত ও ছাত্রশিবিরের নেতারা দাবি করেছেন, ছাত্রদলের কয়েকজন নেতা পরিকল্পিতভাবে প্রচারণায় বিঘ্ন ঘটিয়েছেন।

ছাত্রশিবিরের মহানগর শাখার দপ্তর সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জানান, তাদের কর্মীরা প্রচারণার গাড়িতে গান বাজাচ্ছিল। সেই সময় ছাত্রদলের একজন নেতা এসে হঠাৎ গান বন্ধ করে দেন এবং বাধা প্রদান করেন। তিনি অভিযোগ করেছেন, ছাত্রদল নেতারা উস্কানি দিয়ে অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করতে চাইলেও শিবির কর্মীরা শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করেছেন।

অন্যদিকে, বাধা দেওয়ার বিষয়টি স্বীকার করে রাজপাড়া থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির রহমান দাবি করেন, প্রচারণার সময় জামায়াত কর্মীরা ধানের শীষ প্রতীককে ছোট করে মন্তব্য করছিলেন। তিনি বলেন, “নির্বাচনী আইন অনুযায়ী কোনো দল অন্য প্রতীকের বিরুদ্ধে অবমাননাকর প্রচারণা চালাতে পারে না। সবার প্রচারণার অধিকার আছে, তবে অন্যকে ছোট করার অধিকার কারো নেই।”

ঘটনাটি স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করলেও বড় কোনো সংঘাতের দিকে তা এগোয়নি।