সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

জীবনের বিনিময়েও ভোট চুরি হতে দেবেন না : সারজিস আলম

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নির্বাচনী কারচুপি রোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

জীবনের বিনিময়েও ভোট চুরি হতে দেবেন না : সারজিস আলম
ছবিঃ সংগৃহীত

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নির্বাচনী কারচুপি রোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

আজ সোমবার বিকেলে পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি সাফ জানিয়ে দেন, প্রাণ দিয়ে হলেও ভোটের অধিকার রক্ষা করা হবে। ভোট চুরির চেষ্টা করলে তার একমাত্র গন্তব্য হবে হাসপাতাল—এমন মন্তব্য করে তিনি বলেন, কারচুপিকারীরা যেন বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে আসে।

এগারো দলীয় ঐক্য জোটের এই প্রার্থী নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনকে সতর্ক করে বলেন, ভোটের দিন কোনো ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বা পর্দার আড়ালে নীলনকশা বাস্তবায়নের চেষ্টা করা হলে তার পরিণাম হবে ভয়াবহ। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে তিনি স্রেফ একটি আনুষ্ঠানিকতা নয়, বরং ইনসাফ প্রতিষ্ঠা ও মুক্তির লড়াই হিসেবে অভিহিত করেন।

বক্তব্য চলাকালীন নাম উল্লেখ না করে বিএনপির সমালোচনা করে সারজিস আলম বলেন, ভোটের আগে বড় বড় কথা বলা অনেক নেতারই অভ্যাস, কিন্তু নির্বাচনের পর তাদের আর সাধারণ মানুষের পাশে পাওয়া যায় না। তিনি অভিযোগ করেন, স্থানীয় পর্যায়ে জমি দখল, মাদক ব্যবসা, বালুমহাল ও নদীমহাল নিয়ন্ত্রণের মতো অপকর্মে একটি বিশেষ দলের নেতাকর্মীরা জড়িত। এমনকি অভ্যুত্থান-পরবর্তী সময়ে পঞ্চগড়ে সংখ্যালঘুদের মন্দির ও ঘরবাড়িতে হামলার ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার যোগসূত্র রয়েছে বলে তিনি দাবি করেন।

নিজেকে তরুণ প্রার্থী হিসেবে তুলে ধরে তিনি বলেন, যাদের বয়স বেশি তারা অনেক সময় সংকটের মুখে রাজপথ ছেড়ে পালিয়েছেন। পাঁচ বছর পরপর ভোটের মৌসুমে যারা সক্রিয় হন, তারা জনগণের প্রকৃত সেবক হতে পারেন না। সারজিস আলম প্রতিশ্রুতি দেন, বিজয়ী হলে রাজনৈতিক প্রতিপক্ষের কোনো নির্দোষ নেতাকর্মী হয়রানির শিকার হবেন না এবং পঞ্চগড়ের মানুষের স্বার্থ রক্ষায় তিনি যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।