আগামী ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনকে কেবল জনপ্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া হিসেবে দেখছেন না ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। তাঁর ভাষায়, এই নির্বাচন একটি “নতুন বাংলাদেশ” বিনির্মাণের সূচনাবিন্দু হতে পারে, যেখানে নাগরিকের অধিকার ও সেবা রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে থাকবে।
ঢাকা-৯ আসনের নাগরিকদের জীবনমান উন্নয়নে স্বাস্থ্য, শিক্ষা, নাগরিক সেবা, মাদক নিয়ন্ত্রণ ও কর্মসংস্থানের ওপর গুরুত্ব দিয়ে একটি ছয় দফা ইশতেহার ঘোষণা করেছেন তিনি। তাসনিম জারার লক্ষ্য—নাগরিক যেন সেবার জন্য প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে ঘুরে না বেড়ায়, বরং রাষ্ট্রীয় সেবা পৌঁছে যায় মানুষের দোরগোড়ায়।
গ্যাস ও নাগরিক সেবা: ‘নো সার্ভিস, নো বিল’
নগরীর
কেন্দ্রস্থলে অবস্থিত হওয়া সত্ত্বেও ঢাকা-৯ আসনের বহু এলাকায় গ্যাস সংকট
দীর্ঘদিনের সমস্যা বলে উল্লেখ করেন তাসনিম জারা। তিনি বলেন,
“আমার প্রস্তাবনা হচ্ছে- সংসদে গিয়ে ‘নো সার্ভিস, নো বিল’ নীতির পক্ষে আইন প্রস্তাব আনবো।”
তার ইশতেহারে আরও বলা হয়েছে, পাইপলাইনে গ্যাস সরবরাহ ব্যর্থ হলে ভর্তুকি বা ন্যায্য মূল্যে এলপিজি সিলিন্ডার সরবরাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে ওয়াসা ও সিটি করপোরেশনের কার্যক্রমে নজরদারি এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থার ওপর জোর দেওয়ার কথা জানান তিনি। বর্জ্য ব্যবস্থাপনায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনসহ আধুনিক অপসারণ ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতিও রয়েছে ইশতেহারে।
স্বাস্থ্য খাতে প্রতিরোধ ও প্রস্তুতির অগ্রাধিকার
ঢাকা-৯
আসনে প্রায় ছয় থেকে সাত লাখ মানুষের বসবাস হলেও একমাত্র সরকারি হাসপাতাল
মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল জনবল ও যন্ত্রপাতির সংকটে ভুগছে বলে জানান
তাসনিম জারা। তিনি বলেন,
“এই মেডিকেলে যাতে আধুনিক যন্ত্রপাতি থাকে, পর্যাপ্ত জনবল নিয়োগ হয় সেজন্য স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমি যোগাযোগ রাখব।”
এছাড়া এলাকার পাড়ার ক্লিনিকগুলোকে আধুনিকায়নের মাধ্যমে ‘মিনি হাসপাতাল’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি, যাতে প্রাথমিক স্বাস্থ্যসেবা নাগরিকদের হাতের কাছেই পাওয়া যায়।
মাদক নয়, আলো চাই
ঢাকা-৯ আসনে মাদকের প্রভাবকে একটি বড় সামাজিক ও নিরাপত্তা সংকট হিসেবে দেখছেন তাসনিম জারা। তাঁর ইশতেহারে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দেওয়া হয়েছে। তিনি বলেন, মাদকাসক্তদের জন্য চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্কুল, কলেজ ও গার্মেন্টস-সংলগ্ন সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং গণপরিবহনে নারীদের জন্য সংরক্ষিত আসন ও সম্মানজনক যাতায়াত নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
শিক্ষায় মেধাই একমাত্র মানদণ্ড
শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে সংসদ সদস্যের কোনো কোটা বা সুপারিশ থাকবে না বলে স্পষ্ট অবস্থান জানান তাসনিম জারা। তাঁর ভাষায়, ভর্তি প্রক্রিয়ায় “মেধা ও স্বচ্ছতাই হবে একমাত্র মানদণ্ড।”
ইশতেহারে স্কুল পর্যায়ে আধুনিক বিজ্ঞান ল্যাব, কোডিং ক্লাব ও লাইব্রেরি স্থাপন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ
অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে তরুণ উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়া সহজ শর্তে ঋণ, স্টার্টআপ ফান্ড এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।
নো প্রটোকল রাজনীতি
নির্বাচিত হলে নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগের অঙ্গীকার করেন তাসনিম জারা। তিনি বলেন,
“আমার সঙ্গে দেখা করতে কোনো ‘ভাই’ বা ‘নেতা’ ধরার প্রয়োজন হবে না।”
এক মাসের মধ্যে এলাকায় একটি খোলা অফিস চালু করা হবে, যা সন্ধ্যা পর্যন্ত কার্যক্রম চালাবে। নাগরিক অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি জানাতে একটি ডিজিটাল ওপেন ড্যাশবোর্ড চালুর ঘোষণাও রয়েছে।
আচরণবিধি ও গণভোটে অবস্থান
নির্বাচনি আচরণবিধি প্রসঙ্গে তাসনিম জারা বলেন,
“আপনারা
দেখবেন যে, আমরা আমাদের ক্যাম্পেইনটা খুব সচেতনভাবে করছি। কোথাও আমার একটা
পোস্টার দেখবেন না… একেবারেই আচরণবিধিতে যা আছে সেই অনুযায়ী আমরা কাজ
করছি।”
জুলাই সনদ প্রসঙ্গে তাঁর অবস্থান স্পষ্ট করে বলেন,
“আমার অবস্থান ‘হ্যাঁ’ ভোটের পক্ষে।”
আসনের ভোটার চিত্র
খিলগাঁও, সবুজবাগ ও মুগদা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনে নির্বাচন কমিশনের তথ্যমতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৩৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৭ হাজার ৬৭৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৮২ জন।