সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

জুলাইয়ের টেন্ডার কি একাই নিয়েছেন? জামায়াতকে উদ্দেশ্য করে আন্দালিব রহমান পার্থের তীক্ষ্ণ প্রশ্ন

জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বিরোধী জোটের ভূমিকার সমালোচনা করে জাতীয় সংসদে কড়া বক্তব্য রেখেছেন সরকারি জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

জুলাইয়ের টেন্ডার কি একাই নিয়েছেন? জামায়াতকে উদ্দেশ্য  করে আন্দালিব রহমান পার্থের তীক্ষ্ণ প্রশ্ন
ছবিঃ সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বিরোধী জোটের ভূমিকার সমালোচনা করে জাতীয় সংসদে কড়া বক্তব্য রেখেছেন সরকারি জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

রোববার ত্রয়োদশ সংসদের অষ্টম দিনের অধিবেশনে এক মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন, জুলাই বিপ্লবের সম্পূর্ণ কৃতিত্ব বা একক মালিকানা কি কেবল তারাই নিয়েছেন?

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে ব্যারিস্টার পার্থ শুরুতেই জুলাই যোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, যারা আহত হয়েছেন এবং যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের অসামান্য ত্যাগের ফলেই আজ আমরা সংসদীয় কার্যক্রমে অংশ নিতে পারছি। তাই এই বিপ্লবীদের দাবির প্রতি সরকারকে আরও বেশি সংবেদনশীল ও ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান তিনি।

সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে একটি বিশেষ আধা-সাংবিধানিক পরিস্থিতি বিরাজমান ছিল। তৎকালীন সময়ে সংবিধানে সুস্পষ্ট নির্দেশনা না থাকায় কিছু জরুরি সিদ্ধান্ত নিতে হয়েছিল, তবে বর্তমান প্রেক্ষাপটে সেই পরিস্থিতির অবসান ঘটেছে। তিনি জোর দিয়ে বলেন, জুলাই সনদের লক্ষ্যগুলো সংবিধানের কাঠামোর ভেতরে থেকেই বাস্তবায়ন করা সম্ভব এবং আইনি রীতিনীতি মেনেই প্রয়োজনীয় সংস্কার সাধন করা উচিত।

আইন ও গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সমালোচনা করে আন্দালিব রহমান পার্থ বলেন, জনমনে বিভ্রান্তি তৈরি হয় এমন কোনো অপব্যাখ্যা দেওয়া সমীচীন নয়। তিনি স্পষ্ট করেন যে, বর্তমান সরকারি জোট জনগণের ক্ষমতায়নে এবং গণভোটে পূর্ণ আস্থা রাখে। ২১৭টি আসনে বিপুল ভোটে জয়লাভ করে তারা সংসদে এসেছেন আইন সংশোধন ও জনমুখী পরিবর্তনের অঙ্গীকার নিয়ে। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, যে সংবিধান সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হবে, জনগণ তা মেনে নেবে না। গণতন্ত্রকে সুসংহত করতে এবং সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এই প্রবীণ রাজনীতিক।