জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাত দেখিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানোর কোনো অবকাশ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি স্পষ্ট করেছেন যে, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর নজরদারি বজায় রাখছে।
শুক্রবার সিলেট জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, তেলের দাম বেড়েছে বলে অহেতুক পণ্যের দাম বাড়িয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে এবং কেউ যদি কৃত্রিমভাবে বাজার প্রভাবিত করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে বর্তমানে যে মূল্যস্ফীতি দেখা দিয়েছে, তাকে সাময়িক হিসেবে অভিহিত করেন মন্ত্রী। তিনি আরও জানান, বাজারে পণ্যের সরবরাহ সচল রাখতে এবং পরিবহন খরচ কমিয়ে আনতে দেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি। বন্দরের কার্যকারিতা বৃদ্ধি না পেলে সরবরাহ চেইনের ব্যয় কমানো সম্ভব হবে না বলেও তিনি মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যিক চুক্তির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দ্বিপাক্ষিক চুক্তির কোনো ধারা যদি বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী হয়, তবে তা সংশোধনের সুযোগ চুক্তির ভেতরেই বিদ্যমান রয়েছে। দেশের স্বার্থ রক্ষা করেই যেকোনো বাণিজ্যিক পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।