গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কিস্তির বকেয়া টাকা আদায়কে কেন্দ্র করে এক ঋণগ্রহীতাকে মারধরের অভিযোগ উঠেছে ব্র্যাকের এক মাঠকর্মীর বিরুদ্ধে। বুধবার (৬ মে) উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আমবাগন সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত নারী।
ভুক্তভোগী লাকী বেগম ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া এলাকার মিন্টু মিয়ার স্ত্রী। আহত অবস্থায় তাকে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত ছালমা বেগম ব্র্যাকের ক্ষুদ্র ঋণ প্রকল্পের ধাপেরহাট শাখার মাঠকর্মী হিসেবে কর্মরত রয়েছেন।
লাকী বেগম জানান, কিছুদিন আগে তিনি ব্র্যাকের ধাপেরহাট শাখা থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। সাপ্তাহিক কিস্তির মাধ্যমে ঋণ পরিশোধ করছিলেন তিনি। বর্তমানে তার ১৫ শত টাকা বকেয়া রয়েছে। তবে আর্থিক সংকটের কারণে কয়েক সপ্তাহ ধরে কিস্তির টাকা পরিশোধ করতে পারছিলেন না।
তার অভিযোগ, বুধবার সকালে ধাপেরহাট বাজারের আমবাগন সড়কে “লিটন মটরস” নামের একটি দোকানের সামনে ব্র্যাককর্মী ছালমা বেগমের সঙ্গে দেখা হয়। এ সময় বকেয়া কিস্তির টাকা পরিশোধের জন্য চাপ দেওয়া হয়। টাকা দিতে অপারগতার কথা জানালে ছালমা বেগম তাকে গালিগালাজ করেন। একপর্যায়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ করেন লাকী বেগম। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত সেখান থেকে চলে যান।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ব্র্যাকের সাদুল্লাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপক মো. শাহাবুদ্দিন। তিনি বলেন, মাঠকর্মী ছালমা বেগম ওই এলাকায় গিয়ে লাকী বেগমের কাছে বকেয়া কিস্তির টাকা চান। এ সময় লাকী বেগম ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন এবং পরে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সুপদ হালদার জানিয়েছেন, ঘটনাটি নিয়ে দুই পক্ষই পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, ঘটনাটির তদন্ত করছেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা।